ঢালিউড সুপারস্টার শাকিব খানের নতুন সিনেমা ‘রকস্টার’-এ দ্বিতীয় নায়িকা হিসেবে সাবিলা নূরের নাম নিয়ে জোর গুঞ্জন শুরু হয়েছে। সবকিছু ঠিক থাকলে ‘তাণ্ডব’ সিনেমার পর আবারও এই জুটিকে পর্দায় একসঙ্গে দেখা যাবে। সিনেমাটি সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেডের ব্যানারে নির্মিত হতে যাচ্ছে।
প্রাথমিকভাবে শোনা গিয়েছিল, এই সিনেমার দ্বিতীয় নায়িকা নেওয়া হবে পাকিস্তান থেকে। তবে প্রযোজনা সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, শাকিব খানের আগ্রহে বাংলাদেশি কোনো নায়িকাকেই চূড়ান্ত করা হচ্ছে। সেই দৌড়ে সাবিলা নূরই এখন পর্যন্ত সবচেয়ে এগিয়ে আছেন এবং দ্রুতই তাঁর সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি হতে পারে।
সিনেমার গল্পটি আবর্তিত হবে একজন জনপ্রিয় রকস্টারের জীবনের উত্থান-পতন এবং ভালোবাসার এক অনন্য অধ্যায় নিয়ে। এতে শাকিবের বিপরীতে অপর নায়িকা হিসেবে থাকছেন তানজিয়া জামান মিথিলা। সিনেমাটির নাম এখনও পরিবর্তন হতে পারে বলে আভাস পাওয়া গেছে।
বছরের শুরু থেকেই শাকিব খান বেশ ব্যস্ত সময় পার করছেন। বর্তমানে তিনি ‘প্রিন্স’ সিনেমার শুটিং শেষ করার পথে রয়েছেন। এরপরই ঈদুল আজহার লক্ষ্য নিয়ে শুরু হবে ‘রকস্টার’-এর কাজ। পরিচালক আজমান রুশো জানান, দুই-তিন দিনের মধ্যে দ্বিতীয় নায়িকার নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।
সাবিলা নূর ও শাকিব খানের রসায়ন এর আগে দর্শকদের মাঝে বেশ আলোচিত হয়েছিল। নতুন এই প্রজেক্টটি নিয়ে বিনোদন পাড়ায় এখন ব্যাপক কৌতুহল কাজ করছে। বিশেষ করে পাকিস্তানি নায়িকার পরিবর্তে দেশীয় মুখ বেছে নেওয়ার সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
জেএইচআর