অভিনেতা রাহুলের মৃত্যু

সন্তানকে দুঃসংবাদ দিতে গিয়ে ভেঙে পড়েছেন প্রিয়াঙ্কা

বিনোদন ডেস্ক প্রকাশিত: মার্চ ৩০, ২০২৬, ০৪:২৫ পিএম

টলিউড অভিনেতা রাহুল অরুণোদয় ব্যানার্জির আকস্মিক মৃত্যুতে দিশেহারা হয়ে পড়েছেন তাঁর স্ত্রী ও অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার। 

রোববার সন্ধ্যায় দিঘায় শুটিং চলাকালীন রাহুলের মৃত্যুর সংবাদ কলকাতায় পৌঁছালে শোকের ছায়া নেমে আসে। এই কঠিন সময়ে তাঁদের ১৩ বছর বয়সী সন্তান সহজকে নিয়ে চরম উৎকণ্ঠায় দিন কাটছে প্রিয়াঙ্কার।

জানা গেছে, স্বামীর মৃত্যুর খবর যখন আসে, তখন প্রিয়াঙ্কা তাঁর নতুন সিনেমা ‘তারকাটা’-র পোস্টার শুটের জন্য ব্যস্ত ছিলেন। খবর পাওয়া মাত্রই তিনি কাজ ফেলে তড়িঘড়ি বেরিয়ে আসেন। আকস্মিক এই দুঃসংবাদে কিংকর্তব্যবিমূঢ় প্রিয়াঙ্কা প্রথমে দিঘার হাসপাতালে না গিয়ে সরাসরি তাঁর শাশুড়ির পাশে দাঁড়াতে ছুটে যান।

শাশুড়ির কাছ থেকে নিজের বাড়িতে ফেরার পর একমাত্র সন্তান সহজকে নিয়ে মানসিকভাবে ভেঙে পড়েন প্রিয়াঙ্কা। বাবার মৃত্যুর খবর কিশোর ছেলেকে কীভাবে দেবেন এবং তাকে কীভাবে সামলাবেন, তা নিয়ে তিনি গভীর চিন্তিত হয়ে পড়েন। তাঁদের ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, সহজের ভবিষ্যতের কথা ভেবেই প্রিয়াঙ্কা বেশি বিচলিত হয়ে পড়েছেন। সম্প্রতি বাবার পডকাস্ট শো ‘সহজ কথা’-তেও দেখা গিয়েছিল সহজকে।

রোববার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে প্রিয়াঙ্কা তাঁদের ব্যক্তিগত গোপনীয়তা বজায় রাখার অনুরোধ জানিয়েছেন। তিনি বলেন, এই কঠিন সময়টি সামলে নিতে সবার সহযোগিতা ও সহমর্মিতা প্রয়োজন। দুঃসময়ে প্রিয়াঙ্কার পাশে দাঁড়িয়েছেন তাঁদের দীর্ঘদিনের বন্ধু ও প্রযোজক নীলাঞ্জনা শর্মা।

উল্লেখ্য, রোববার দিঘার তালসারিতে ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং শেষে সমুদ্রে নেমে নিখোঁজ হন রাহুল। পরে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। ২০১০ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া এই তারকা দম্পতির কোলজুড়ে ২০১৩ সালে আসে পুত্রসন্তান সহজ। রাহুলের অকাল প্রয়াণে টলিউড ইন্ডাস্ট্রিতে শোকের ছায়া নেমে এসেছে।

জেএইচআর