দীর্ঘ রহস্যের অবসান ঘটিয়ে হাঙ্গেরিয়ান টিভি তারকা ও ইনফ্লুয়েন্সার অ্যানাবেলা লোভাসের মৃত্যুর খবর নিশ্চিত করেছে আন্তর্জাতিক পুলিশ সংস্থা।
গত বছরের মার্চে স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জের একটি দুর্গম গিরিখাত থেকে উদ্ধার হওয়া এক নারীর মরদেহটি এই অভিনেত্রীর বলে শনাক্ত করা হয়েছে।
পুলিশ জানায়, ২০২৫ সালের ৬ মার্চ গ্রান কানারিয়া দ্বীপের বেরিয়েল গিরিখাতে মরদেহটি পাওয়া যায়। উদ্ধারের সময় দেহে কোনো পরিচয়পত্র না থাকায় পরিচয় নিয়ে ধোঁয়াশা তৈরি হয়। পরবর্তীতে ইন্টারপোলের সহায়তায় অভিনেত্রীর পিঠের ট্যাটু এবং দাঁতের পরীক্ষার মাধ্যমে তাঁর পরিচয় নিশ্চিত করা হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৩২ বছর।
ময়নাতদন্তের প্রাথমিক প্রতিবেদনে কোনো ধরনের শারীরিক সহিংসতা, শ্বাসরোধ বা যৌন নির্যাতনের চিহ্ন পাওয়া যায়নি। তবে মৃত্যুর প্রকৃত কারণ এখনো স্পষ্ট নয়। পুলিশের ধারণা, এটি দুর্ঘটনা কিংবা আত্মহত্যা হতে পারে। ভারী বৃষ্টিপাত বা বন্যার পানির স্রোতে মরদেহটি ওই দুর্গম এলাকায় ভেসে এসেছে বলে মনে করা হচ্ছে।
অ্যানাবেলা লোভাসের নিখোঁজ হওয়ার ঘটনাটি বেশ গোলমেলে। ২০২৪ সালের নভেম্বরে তিনি প্রথমবার নিখোঁজ হন এবং সে সময় সব সোশ্যাল মিডিয়া প্রোফাইল মুছে দেন। পরিবারের অভিযোগের ভিত্তিতে একটি হোটেল থেকে তাঁকে উদ্ধার করা হয়। কিন্তু এর কয়েকদিন পরই তিনি আবার নিখোঁজ হন, যা শেষ পর্যন্ত মৃত্যুর খবরে রূপ নিল।
হাঙ্গেরীয় রিয়েলিটি শো ‘আ নাগি ও’ (দ্য ব্যাচেলর হাঙ্গেরি) এর চতুর্থ মৌসুমে অংশ নিয়ে ব্যাপক জনপ্রিয়তা পান অ্যানাবেলা। পরে তিনি স্তন ক্যানসারে আক্রান্ত হওয়ার খবর জানান। ক্যানসারের সঙ্গে তাঁর সাহসী যুদ্ধ ভক্তদের কাছে তাঁকে অনুপ্রেরণার পাত্রী করে তুলেছিল। তাঁর এমন আকস্মিক ও রহস্যজনক মৃত্যুতে বিনোদন জগতে শোকের ছায়া নেমে এসেছে।
জেএইচআর