জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের অধিবেশন শুরু

বিনোদন ডেস্ক প্রকাশিত: এপ্রিল ১০, ২০২৬, ০৩:২৩ পিএম

শিল্পকলা একাডেমিতে শুরু হয়েছে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের দুইদিনব্যাপী ৪৪তম অধিবেশন। 

শুক্রবার সকালে একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে এ অধিবেশনের উদ্বোধন করেন ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী।

অনুষ্ঠানের শুরুতে বোধন সঙ্গীত ‘আমি মারের সাগর পাড়ি দেবো’ পরিবেশন করেন পরিষদের শিল্পীরা। পরে ত্রপা মজুমদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন উদ্বোধক সিরাজুল ইসলাম চৌধুরী, জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের সাধারণ সম্পাদক লিলি ইসলাম এবং সহসভাপতি বুলবুল ইসলাম। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি মফিদুল হক।

উদ্বোধনী পর্ব শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়। পরে সন্ধ্যায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত শিল্পীদের পরিবেশনায় রবীন্দ্রসঙ্গীত, নজরুলগীতি, নৃত্য ও আবৃত্তি পরিবেশন করা হয়। এবারের আয়োজনে সারাদেশ থেকে প্রায় সাত শতাধিক শিল্পী অংশ নিচ্ছেন। দুইদিনব্যাপী এই সম্মেলন শনিবার (১১ এপ্রিল) শেষ হবে।

এম জি