ওজন নিয়ে ভাবনার চ্যালেঞ্জিং অভিজ্ঞতা

বিনোদন ডেস্ক প্রকাশিত: এপ্রিল ১৫, ২০২৬, ০৪:১৩ পিএম

চরিত্রের প্রয়োজনে ক্যারিয়ারের অন্যতম চ্যালেঞ্জিং অভিজ্ঞতার কথা জানালেন অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। ‘কিং ইন দ্য ল্যান্ড অব দ্য প্রিন্সেস’ সিনেমায় অভিনয়ের জন্য প্রায় ৯ কেজি ওজন কমিয়েছেন এই অভিনেত্রী।

ভাবনা বলেন, এটি আমার ক্যারিয়ারের অন্যতম কঠিন কাজ। চরিত্রের প্রয়োজনে প্রায় ৯ কেজি ওজন বাড়াতে হয়েছে। শুধু তাই নয়, যাত্রাশিল্পীদের মতো নাচ ও অভিনয়ও শিখতে হয়েছে। ‘রোজি’ চরিত্রটি করতে গিয়ে শারীরিক ও মানসিক—দুই দিকেই পরিবর্তনের মধ্য দিয়ে যেতে হয়েছে। চরিত্রটিকে আমি ভালোবেসে ফেলেছি।

আসিফ ইসলাম পরিচালিত ‘কিং ইন দ্য ল্যান্ড অব দ্য প্রিন্সেস’ ছবিটি যাত্রাপালার ক্রমাবনতির গল্প নিয়ে নির্মিত। এতে ‘প্রিন্সেস’ নামের এক নৃত্যশিল্পীকে ঘিরে আবর্তিত হয় কাহিনি, যেখানে দর্শকের চাহিদা ও বিনোদনের পরিবর্তিত রুচির প্রতিফলন তুলে ধরা হয়েছে।

ছবিটি প্রসঙ্গে পরিচালক আসিফ ইসলাম বলেন, শৈশবে ঢাকার প্রান্তবর্তী একটি দুর্গাপূজার মেলায় প্রথম যাত্রা দেখি। সেই অভিজ্ঞতা আমার মনে গভীর ছাপ ফেলেছিল। পরে বহু বছর পর আবার যাত্রা দেখতে গিয়ে বুঝতে পারি, একসময়কার কাহিনিনির্ভর যাত্রা অনেকটাই বদলে গেছে। সেই পরিবর্তনের অভিজ্ঞতাই এই সিনেমার গল্পে তুলে ধরেছি।

তিনি আরও জানান, এটি বর্তমান যাত্রাশিল্পের ভঙ্গুর বাস্তবতার একটি প্রতিচ্ছবি। ছবির একটি বিশেষ দিক হলো—যাত্রাশিল্পীদের ভূমিকায় অভিনয় করেছেন বাস্তবের যাত্রা শিল্পীরাই।

আগামী ১৬ এপ্রিল শুরু হতে যাওয়া ৪৮তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রতিযোগিতা বিভাগের বাইরে ‘আর্টকোর’ বিভাগে প্রদর্শিত হবে সিনেমাটি। এর আগে আসিফ ইসলামের ‘নির্বাণ’ একই উৎসবে স্পেশাল জুরি অ্যাওয়ার্ড অর্জন করেছিল।

ইতোমধ্যে উৎসবে অংশ নিতে মস্কোর উদ্দেশে রওনা হয়েছেন পরিচালক আসিফ ইসলাম, অভিনেত্রী আশনা হাবিব ভাবনা এবং প্রযোজক জান্নাতুল বাকের খান।

এম জি