স্বাধীনতা পুরস্কার গ্রহণ করেছেন হানিফ সংকেত

বিনোদন ডেস্ক প্রকাশিত: এপ্রিল ১৬, ২০২৬, ০৭:১৭ পিএম

দেশের শিল্প ও সংস্কৃতিতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ‘স্বাধীনতা পুরস্কার ২০২৬’ গ্রহণ করেছেন জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র উপস্থাপক ও নির্মাতা কে এম হানিফ (হানিফ সংকেত)।

বৃহস্পতিবার এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে তিনি এ পুরস্কার গ্রহণ করেন।

এর আগে ৫ মার্চ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে হানিফ সংকেতকে এই সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। পরে সামাজিক মাধ্যমে নিজের অনুভূতি ভক্তদের সঙ্গে ভাগ করে নেন তিনি।

বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ হানিফ সংকেত একাধারে উপস্থাপক, পরিচালক, লেখক, প্রযোজক, গীতিকার ও সুরকার হিসেবে কাজ করে আসছেন। তিন দশকেরও বেশি সময় ধরে তিনি ‘ইত্যাদি’র মাধ্যমে দেশের ইতিহাস, ঐতিহ্য ও সমাজচিত্র তুলে ধরছেন।

তার অনুষ্ঠান সামাজিক অসংগতি নিয়ে ব্যঙ্গ-রসাত্মক উপস্থাপনার জন্য ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে।

ম্যাগাজিন অনুষ্ঠান ছাড়াও অভিনয় জগতেও তার উপস্থিতি রয়েছে। প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের নির্মিত ‘কুসুম’ নাটকে তিনি অভিনয় করেন। পাশাপাশি ১৯৮৮ সালের ‘আগমন’ চলচ্চিত্রে খলনায়কের চরিত্রে অভিনয়ের মাধ্যমে দর্শকদের নজর কাড়েন তিনি। পরে ‘চাঁপা ডাঙ্গার বউ’ ও ‘ঢাকা-৮৬’ চলচ্চিত্রেও তাকে দেখা গেছে।

এএন