আইসিইউতে অভিনেতা তারিকুজ্জামান তপন

বিনোদন ডেস্ক প্রকাশিত: এপ্রিল ২৩, ২০২৬, ০৩:৩৩ পিএম

ক্যানসারে আক্রান্ত জনপ্রিয় অভিনেতা তারিকুজ্জামান তপনের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। বর্তমানে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন তিনি।

বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনেতার ছেলে তাছফিক এই তথ্য নিশ্চিত করেছেন।

তাছফিক তার ফেসবুক পোস্টে জানান, শারীরিক জটিলতা বেড়ে যাওয়ায় তপনকে গ্রিন লাইফ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছে। বাবার দ্রুত সুস্থতার জন্য তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। একই সঙ্গে উন্নত চিকিৎসার জন্য তাকে কোনো সরকারি হাসপাতালের আইসিইউতে স্থানান্তরে সংশ্লিষ্টদের সহযোগিতা কামনা করেছেন তিনি।

দীর্ঘদিন ধরে মরণব্যাধি ক্যানসারের সঙ্গে লড়াই করছেন এই অভিনেতা। বর্তমানে তার চিকিৎসার খরচ মেটাতে হিমশিম খাচ্ছে পরিবার। তাছফিক তার পোস্টে আর্থিক সহায়তারও আবেদন জানিয়েছেন। তিনি বলেন, সবার সামর্থ্য অনুযায়ী সামান্য সহযোগিতাই পারে এই সংকটময় সময়ে বাবার চিকিৎসা চালিয়ে নিতে।

এর আগে অভিনেতার স্ত্রী সাবিনা হেলেন জানান, গত বছরের ডিসেম্বরে তপনের শরীরে ক্যানসার ধরা পড়ে। রোগটি তখন চতুর্থ পর্যায়ে ছিল। এরই মধ্যে তাকে বেশ কয়েকটি কেমো থেরাপি দেওয়া হয়েছে। হঠাৎ শারীরিক অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।

গুণী এই অভিনেতার অসুস্থতার খবরে বিনোদন অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী ও ভক্তরা সামাজিক মাধ্যমে তার দ্রুত আরোগ্য কামনা করছেন।

জেএইচআর