অভিনেতা তারিকুজ্জামান তপন মারা গেছেন

বিনোদন ডেস্ক প্রকাশিত: এপ্রিল ২৫, ২০২৬, ১২:২৬ পিএম

ছোট পর্দা ও চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা তারিকুজ্জামান তপন আর নেই। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর আফতাবনগরে নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না ইল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে ‘অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশ’।

পারিবারিক সূত্রে জানা গেছে, এই গুণী অভিনেতা দীর্ঘদিন ধরে প্রাণঘাতী ক্যানসারের সঙ্গে যুদ্ধ করছিলেন। গত বছরের ডিসেম্বরে তার খাদ্যনালিতে ক্যানসার শনাক্ত হয়। চিকিৎসকরা জানিয়েছিলেন, তার রোগটি চতুর্থ পর্যায়ে পৌঁছেছে। ইতোমধ্যে তাকে তিন দফা কেমোথেরাপি দেওয়া হয়েছিল এবং সম্প্রতি শারীরিক অবস্থার অবনতি হলে তাকে একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছিল।

তারিকুজ্জামান তপন ছিলেন দেশের টেলিভিশন নাটক ও চলচ্চিত্রের এক পরিচিত ব্যক্তিত্ব। বিশেষ করে হাস্যরসাত্মক চরিত্রে তার প্রাণবন্ত অভিনয় দর্শকদের মনে জায়গা করে নিয়েছিল। ‘আলতা বানু’, ‘ঠিকানা’, ‘জোড়া শালিক’ ও ‘হাতছানি’র মতো জনপ্রিয় কাজগুলোতে তাকে দেখা গেছে। তার মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

অভিনয়শিল্পী সংঘ এক শোকবার্তায় প্রিয় সহকর্মীর বিদেহী আত্মার শান্তি কামনা করেছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে। তার প্রয়াণে বিনোদন জগতের সহকর্মীরা সামাজিক মাধ্যমে তাদের শোক ও স্মৃতিচারণ শেয়ার করেছেন।

জেএইচআর