গোবিন্দকে ছেড়ে যাওয়ার কথা ভাবতেও পারেন না স্ত্রী সুনিতা

বিনোদন ডেস্ক প্রকাশিত: এপ্রিল ২৭, ২০২৬, ০৪:০৮ পিএম

বলিউডের জনপ্রিয় অভিনেতা গোবিন্দ ও তাঁর স্ত্রী সুনিতা আহুজার চার দশকের দাম্পত্য জীবন আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে সুনিতা তাঁদের সম্পর্কের নানা পাওয়া, না পাওয়া নিয়ে খোলামেলা কথা বলেছেন।

সুনিতা জানান, ব্যক্তিগত জীবনে তিনি ঘুরতে যাওয়া, পার্টি করা কিংবা বাইরে ডিনার করতে ভালোবাসেন। কিন্তু গোবিন্দ সবসময় পরিবারের দায়িত্ব পালনেই এতটাই ব্যস্ত ছিলেন যে নিজের জন্য সময়ই করে উঠতে পারেননি। 

এ প্রসঙ্গে আক্ষেপের সুরে তিনি বলেন, ৬০ বছর বয়স হয়ে গেল, কিন্তু ও নিজের জন্য কিছুই করেনি। তাই আমি বলি, আমি গোবিন্দের মতো ছেলে চাই, স্বামী নয়।’ তবে দীর্ঘ ৪০ বছরের এই সম্পর্ক ভেঙে দেওয়ার কথা তিনি কখনো ভাবেন না বলেও স্পষ্ট করেন।

নব্বইয়ের দশকে গোবিন্দকে ঘিরে নারী ভক্তদের উন্মাদনা ও পরকীয়ার গুঞ্জন প্রসঙ্গে সুনিতা বলেন, সে সময় তারকাদের নিয়ে এ ধরনের গুঞ্জন শোনা খুবই সাধারণ ছিল। তাঁর মতে, স্বামীর ওপর আস্থা থাকলে এসব গুজব গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই।

অন্যদিকে, সম্পর্কের টানাপোড়েন ও স্ত্রীর অভিযোগ নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন গোবিন্দ নিজেও। তিনি দাবি করেন, তাঁর বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র চলছে। অভিনেতার ভাষায়, আমি চুপ থাকলে মানুষ আমাকে দুর্বল ভাবে। আমার মনে হচ্ছে, আমার পরিবারের সদস্যদেরই আমার বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে।

১৯৮৭ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন গোবিন্দ ও সুনিতা। তাঁদের সংসারে রয়েছে দুই সন্তান, মেয়ে টিনা ও ছেলে ইয়াশবর্ধন। টিনা ইতোমধ্যে বলিউডে নিজের জায়গা তৈরি করতে শুরু করেছেন, আর ইয়াশবর্ধনও শিগগিরই অভিনয়ে অভিষেক করতে যাচ্ছেন।

সব মিলিয়ে, ব্যক্তিগত টানাপোড়েন থাকলেও বর্তমানে এই তারকা দম্পতি তাঁদের সন্তানদের ক্যারিয়ার গড়ে তোলার দিকেই বেশি মনোযোগ দিচ্ছেন।

এম জি