বিচ্ছেদের পথ বেছে নিলেন অভিনেত্রী ইভলিন 

বিনোদন ডেস্ক প্রকাশিত: মে ২, ২০২৬, ০৩:৪৬ পিএম

বলিউড অভিনেত্রী ও মডেল ইভলিন শর্মা দীর্ঘদিন ধরে বড় পর্দা থেকে দূরে থাকলেও ব্যক্তিজীবনের কারণে আবারও আলোচনায় এসেছেন। ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘সাহো’ ছবির পর থেকে তাকে আর কোনো সিনেমায় দেখা যায়নি। একই বছরে তিনি ইন্দো-অস্ট্রেলিয়ান ডেন্টাল সার্জন তুশান ভিন্দির সঙ্গে বাগদান সম্পন্ন করেন এবং ২০২১ সালে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাদের দাম্পত্য জীবনে দুটি সন্তান রয়েছে।

তবে সম্প্রতি জানা গেছে, দীর্ঘ পাঁচ বছরের বৈবাহিক সম্পর্কের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন এই অভিনেত্রী। স্বামী তুশান ভিন্দির সঙ্গে বিচ্ছেদের বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন ইভলিন শর্মা।

ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের এইচটি সিটিকে দেওয়া এক বক্তব্যে তিনি জানান, তারা পারস্পরিক সম্মতিতে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তবে সন্তানদের একসঙ্গে বড় করার বিষয়ে দুজনই সম্পূর্ণভাবে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি আরও বলেন, ব্যক্তিগত গোপনীয়তার প্রতি সম্মান দেখানোর অনুরোধ জানিয়েছেন এবং সম্পর্কটি যেন বন্ধুত্বপূর্ণ থাকে সে আশাও প্রকাশ করেছেন। নতুন এই পর্বকে তারা আজীবন বন্ধুত্ব ও যৌথভাবে সন্তান লালন-পালনের ভিত্তিতে এগিয়ে নিতে চান।

অভিনয় থেকে দূরে থাকলেও সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয় ইভলিন শর্মা। নিয়মিতই তিনি নিজের ছবি ও ভিডিও প্রকাশ করেন, যা ভক্তদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে এবং দ্রুতই ভাইরাল হয়ে যায়।

উল্লেখ্য, ২০২১ সালে বিয়ের এক মাস পরই তিনি একটি ছবি পোস্ট করে “চিরকাল” লিখে সুখবর জানান। একই বছরের নভেম্বর মাসে তাদের ঘরে আসে কন্যাসন্তান অ্যাভা রানিয়া ভিন্দি। এরপর ২০২৩ সালের জুলাইয়ে জন্ম নেয় তাদের পুত্রসন্তান আরডেন।

এর আগে ২০১২ সালে ‘ফ্রম সিডনি উইথ লাভ’ ছবির মাধ্যমে বলিউডে অভিষেক ঘটে ইভলিন শর্মার। পরবর্তীতে তিনি ‘নটাঙ্কি শালা’, ‘ইসাক’, ‘মে তেরা হিরো’, ‘ইয়ারিয়ান’সহ একাধিক ছবিতে অভিনয় করেন। পাশাপাশি ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’, ‘জাব হ্যারি মেট সেজাল’ ও ‘কুচ কুচ লোচা হ্যায়’ ছবিতেও তাকে দেখা গেছে।

এম জি