মেট গালা ২০২৬

ফ্যাশন যখন শিল্পকলা, প্রিয়াঙ্কা চোপড়া থেকে কিম কারদাশিয়ান

বিনোদন ডেস্ক প্রকাশিত: মে ৪, ২০২৬, ০৫:১৯ পিএম
মেট গালার কিছু সবচেয়ে আইকনিক লুকের দিকে ফিরে দেখা যাক। সংগৃহীত ছবি

ফ্যাশন দুনিয়ার সবচেয়ে বড় উৎসব ‘মেট গালা’ আবারও ফিরে এসেছে তার রাজকীয় মহিমা নিয়ে। ২০২৬ সালের মেট গালার মূল প্রতিপাদ্য বিষয় বা থিম হলো ‘কস্টিউম আর্ট’, যার ড্রেস কোড নির্ধারণ করা হয়েছে ‘ফ্যাশন ইজ আর্ট’। নিউ ইয়র্কের মেট্রোপলিটন মিউজিয়াম অফ আর্টের নতুন কনডে নাস্ট গ্যালারিতে আজ বসছে এই তারার মেলা।

নিকোল কিডম্যান, আনা উইন্টুর, বিয়ন্সে এবং ভেনাস উইলিয়ামসের মতো কিংবদন্তিদের সহ-সভাপতিত্বে এবারের আসরটি ফ্যাশন এবং শিল্পের এক অনন্য মেলবন্ধন হতে যাচ্ছে। সাবরিনা কার্পেন্টার, দোজা ক্যাট ও লিসার মতো পপ তারকাদের পাশাপাশি এবারের রেড কার্পেটে জাঁকজমকপূর্ণ উপস্থিতির অপেক্ষায় রয়েছে বিশ্ব। 

তবে মেট গালা ২০২৬-এর এই মাহেন্দ্রক্ষণে দাঁড়িয়ে আমরা ফিরে তাকাবো ইতিহাসের সেই ১০টি আইকনিক লুকের দিকে, যা মেট গালার মঞ্চকে চিরস্মরণীয় করে রেখেছে।

প্রিয়াঙ্কা চোপড়া: রালফ লরেন ট্রেঞ্চ কোট ড্রেস (২০১৭)

২০১৭ সালে মেট গালায় অভিষেক ঘটে বলিউড ও হলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়ার। সেই বছরই তিনি ইতিহাসের অন্যতম দীর্ঘতম ট্রেইল বা লেজযুক্ত কাস্টম রালফ লরেন ট্রেঞ্চ কোট পরে বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রে চলে আসেন। 

মেটালিক স্টেটমেন্ট ইয়ারিং এবং এলোমেলো টপ নট বানের সাথে তার এই সাহসী লুকটি ইন্টারনেটে ব্যাপক সাড়া ফেলেছিল। তার এই বৈপ্লবিক পোশাকটি আজও মেট গালার অন্যতম সেরা ডেবিউ লুক হিসেবে গণ্য হয়।

জেনডায়া: মেসন মারজিলা গাউন (২০২৪)

২০২৪ সালের থিম ‘স্লিপিং বিউটিস: রিঅ্যাওয়াকেনিং ফ্যাশন’-এ জেনডায়া যেন স্বর্গের অপ্সরা হয়ে ধরা দিয়েছিলেন। জন গ্যালিয়ানোর ডিজাইন করা এই ইলেকট্রিক ব্লু এবং গ্রিন গাউনটি ছিল হাতে আঁকা করসেট এবং অর্গানজা কাপড়ের কারুকাজ। মাথায় একটি নাটকীয় পালকের হেডপিস নিয়ে তার এই উপস্থিতি ফ্যাশন সমালোচকদের মুগ্ধ করেছিল।

অ্যান হ্যাথাওয়ে: ভারসাচি (২০২৩)

‘দ্য ডেভিল ওয়ারস প্রাডা’ তারকা অ্যান হ্যাথাওয়ে ২০২৩ সালে কার্ল ল্যাগারফেল্ডের প্রতি শ্রদ্ধা জানিয়ে ভারসাচির একটি চমৎকার সাদা গাউন পরেছিলেন। পোশাকটি ছিল স্বরোভস্কি ক্রিস্টাল এবং ভারসাচির সিগনেচার সেফটি পিন দিয়ে সজ্জিত। এই পোশাকে চ্যানটেলি লেস এবং বুলগারির স্টেটমেন্ট নেকলেসের সংমিশ্রণ তাকে এক অনন্য রাজকীয় রূপ দিয়েছিল।

রিহানা: ভ্যালেন্টিনো (২০২৩)

মেট গালার রানী বলা হয় রিহানাকে। ২০২৩ সালে তিনি তার সঙ্গী এএসএপি রকিকে সাথে নিয়ে একটি ভ্যালেন্টিনো হুডেড গাউনে হাজির হন। পুরো পোশাকটি সাদা থ্রি-ডি ক্যামেলিয়া ফুলে আবৃত ছিল। পরে সেই হুডটি খুলে গেলে বের হয়ে আসে একটি চমৎকার স্ট্র্যাপলেস গাউন। তার চোখে থাকা সানগ্লাসের উপর ফলস আইল্যাশ বা কৃত্রিম চোখের পাপড়ি ছিল সেই বছরের সবচেয়ে চর্চিত ফ্যাশন অনুষঙ্গ।

এল ফ্যানিং: বালমেইন (২০২৪)

২০২৪ সালে এল ফ্যানিং বালমেইনের একটি স্বচ্ছ বা ট্রান্সপারেন্ট গাউন পরে রেড কার্পেটে হাঁটেন। পোশাকটি দেখতে ছিল অনেকটা স্বচ্ছ বরফের ভাস্কর্যের মতো। কাঁচের মতো স্বচ্ছ এই অফ-শোল্ডার ড্রেসটিতে কাঁধের কাছে ছিল দুটি ফুলের কারুকাজ, যা তার সৌন্দর্যকে এক অলৌকিক উচ্চতায় নিয়ে গিয়েছিল।

কিম কারদাশিয়ান: মেরিলিন মনরোর গাউন (২০২২)

২০২২ সালে কিম কারদাশিয়ান মেট গালায় ইতিহাস সৃষ্টি করেন যখন তিনি হলিউড কিংবদন্তি মেরিলিন মনরোর সেই বিখ্যাত ‘হ্যাপি বার্থডে মিস্টার প্রেসিডেন্ট’ গাউনটি পরে হাজির হন। জিন লুইসের ডিজাইন করা এই আসল পোশাকটি পরার জন্য কিমকে কঠোর ডায়েট করতে হয়েছিল। কাঁধ থেকে ঝুলানো সাদা ফার কোটে কিম যেন গত শতকের গ্ল্যামারকে নতুন করে ফিরিয়ে এনেছিলেন।

ব্লেক লাইভলি: ভারসাচি (২০২২)

২০২২ সালের ‘গিল্ডেড গ্ল্যামার’ থিমে ব্লেক লাইভলি পরেছিলেন অ্যাটেলিয়ার ভারসাচির একটি রূপান্তরযোগ্য বা ট্রান্সফরমিং ড্রেস। প্রথমে এটি ছিল রোজ গোল্ড রঙের একটি বিশাল বো-যুক্ত গাউন। কিন্তু সিঁড়িতে ওঠার সময় পোশাকটি পরিবর্তিত হয়ে নীল রঙের ট্রেইলে রূপ নেয়, যা গ্র্যান্ড সেন্ট্রাল স্টেশনের সিলিংয়ের নকশা থেকে অনুপ্রাণিত ছিল।

সেলিন ডিওন: অস্কার ডি লা রেন্টা (২০১৯)

২০১৯ সালে গ্র্যামি জয়ী গায়িকা সেলিন ডিওন অস্কার ডি লা রেন্টার একটি ঝিকমিকে সোনালী ফ্রিনজ ড্রেস পরেছিলেন। ৫২ জন দক্ষ কারিগর প্রায় ৩,০০০ ঘণ্টা সময় নিয়ে এই পোশাকটি তৈরি করেছিলেন। পোশাকটির ওজন ছিল প্রায় ২২ পাউন্ড (১০ কেজি)। মাথায় থাকা পালকের মুকুটটি তাকে গ্রীক দেবীর মতো উজ্জ্বলতা দিয়েছিল।

জেনডায়া: টমি হিলফিগার (২০১৯)

২০১৯ সালে জেনডায়া রেড কার্পেটে হাজির হয়েছিলেন আধুনিক যুগের সিন্ডারেলা সেজে। তার পোশাকটি ছিল টমি হিলফিগারের তৈরি একটি এলইডি গাউন। তার স্টাইলিস্ট ল রচ জাদুর কাঠির ছোঁয়ায় পোশাকটির আলো জ্বালিয়ে দেন, যা ছিল মেট গালার ইতিহাসের অন্যতম জাদুকরী মুহূর্ত। কার্পেটে তিনি একটি গ্লাসের জুতো (কাঁচের জুতো) ফেলে রেখে তার সিন্ডারেলা লুকটি সম্পন্ন করেন।

টাইলা: বালমেইন (২০২৪)

২০২৪ সালে নিজের প্রথম মেট গালাতেই বাজিমাত করেন দক্ষিণ আফ্রিকান গায়িকা টাইলা। তিনি বালমেইনের তৈরি একটি বালুর ভাস্কর্যের মতো গাউন পরেছিলেন। এই পোশাকটি ছিল বালি দিয়ে তৈরি, যা সময়ের ক্ষণস্থায়ীতাকে ফুটিয়ে তুলেছিল। হাতে থাকা একটি বালুঘড়ির ক্লাচ ব্যাগ তার এই থিমকে পূর্ণতা দেয়।

মেট গালা কেবল পোশাক প্রদর্শনী নয়, এটি সংস্কৃতির বিবর্তন এবং শিল্পের বহিঃপ্রকাশ। আজ রাত ২টায় (IST) যখন মেট গালা ২০২৬ শুরু হবে, তখন বিশ্ব তাকিয়ে থাকবে কারা এই আইকনিক তালিকার পরবর্তী সদস্য হতে যাচ্ছেন। ফ্যাশন যখন শিল্পের ক্যানভাস হয়ে ওঠে, তখন মেট গালার মতো জাঁকজমকপূর্ণ আয়োজনই হয়ে ওঠে তার শ্রেষ্ঠ মঞ্চ।

বিখ্যাত সব তারকাদের উপস্থিতিতে ২০২৬ সালের এই মেলা ফ্যাশন প্রেমীদের মনে দীর্ঘস্থায়ী ছাপ ফেলে যাবে, এমনটাই আশা করছে।

এএন