চিরবিদায় নিলেনবিখ্যাত সংগীত শিল্পী হানি শাকের

বিনোদন ডেস্ক প্রকাশিত: মে ৪, ২০২৬, ১১:৪৫ পিএম

আরব বিশ্বের কিংবদন্তি কণ্ঠশিল্পী ও ‘আরব সঙ্গীতের রাজপুত্র’ খ্যাত হানি শাকের আর নেই। দীর্ঘকাল মরণব্যাধি কোলনের জটিলতায় ভুগে ফ্রান্সের প্যারিসে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

সোমবার তাঁর পরিবারের পক্ষ থেকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়। মৃত্যুকালে এই কালজয়ী শিল্পীর বয়স হয়েছিল ৭৪ বছর।

পারিবারিক সূত্র জানায়, কোলনের অসুস্থতাজনিত কারণে কয়েক সপ্তাহ আগে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ফ্রান্সে নেওয়া হয়েছিল। প্যারিসের একটি হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে থাকাকালীন বারবার রক্তক্ষরণজনিত শারীরিক জটিলতায় তাঁর অবস্থার অবনতি ঘটে এবং সেখানেই তিনি মৃত্যুবরণ করেন।

হানি শাকেরের প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ এল সিসি। এক শোকবার্তায় তিনি বলেন, “শিল্পী হানি শাকের তাঁর অনন্য কণ্ঠ ও মার্জিত পরিবেশনার মাধ্যমে সঙ্গীত জগতকে সমৃদ্ধ করেছেন। জাতীয় ও সামাজিক প্রতিটি অনুষ্ঠানে তাঁর অনবদ্য সৃষ্টিগুলো স্মরণীয় হয়ে থাকবে। আমি তাঁর পরিবার ও সকল শিল্পপ্রেমীদের প্রতি গভীর সমবেদনা জানাই।”

১৯৫২ সালের ২১ ডিসেম্বর কায়রোতে জন্ম নেওয়া হানি শাকের ছিলেন আরবি সঙ্গীতের আধুনিক স্বর্ণযুগের অন্যতম পথিকৃৎ। ষাটের দশকে শিশুশিল্পী হিসেবে যাত্রা শুরু করলেও ১৯৭২ সালে আনুষ্ঠানিকভাবে গায়ক হিসেবে তাঁর আত্মপ্রকাশ ঘটে। পাঁচ দশকের দীর্ঘ ক্যারিয়ারে তিনি প্রায় ৬০০টি গান উপহার দিয়েছেন এবং ২৯টি একক অ্যালবাম প্রকাশ করেছেন। আরব বিশ্বের সেরা কবি ও সুরকারদের সাথে কাজ করার অভিজ্ঞতা ছিল তাঁর ঝুলিতে।

সঙ্গীত চর্চার পাশাপাশি সাংগঠনিক ক্ষেত্রেও হানি শাকেরের অবদান ছিল অপরিসীম। তিনি ২০১৫ থেকে ২০১৯ সাল পর্যন্ত দুই মেয়াদে মিশরের মিউজিশিয়ানস সিন্ডিকেটের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। তাঁর মৃত্যুতে পুরো আরব বিশ্বের সাংস্কৃতিক অঙ্গনে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হয়েছে।

জেএইচআর