প্রবীণ নাট্যব্যক্তিত্ব আতাউর রহমান গুরুতর অসুস্থ হয়ে লাইফ সাপোর্টে আছেন। গত শুক্রবার বাসায় পড়ে যাওয়ার পর তার শারীরিক অবস্থার অবনতি হলে প্রথমে তাকে গুলশানের একটি হাসপাতালে নেওয়া হয়।
সেখানে চিকিৎসকেরা জানান, তার আইসিইউ সাপোর্ট প্রয়োজন। তবে ওই সময় হাসপাতালে আইসিইউ সুবিধা না থাকায় পরে তাকে ধানমণ্ডির একটি হাসপাতালে স্থানান্তর করা হয়। ভর্তি করার পরই তাকে লাইফ সাপোর্টে রাখা হয়।
পরবর্তীতে তার অবস্থার কিছুটা উন্নতি হলে লাইফ সাপোর্ট খুলে দেওয়া হয়েছিল। কিন্তু আবারও শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গতকাল তাকে পুনরায় লাইফ সাপোর্টে নেওয়া হয়।
আজ সোমবার দুপুরে তার শারীরিক অবস্থার সর্বশেষ তথ্য নিশ্চিত করেন তার মেয়ে শর্মিষ্ঠা রহমান।
তিনি বলেন, আব্বার অবস্থা খুব একটা ভালো না। জটিল। তাঁর শরীরের একাধিক অঙ্গপ্রত্যঙ্গ বিকল হয়ে পড়েছে-চিকিৎসক তেমনটাই জানিয়েছেন। সবার কাছে আমার আব্বার সুস্থতার জন্য দোয়া চাই।
বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনে বহুমাত্রিক পরিচয়ের অধিকারী আতাউর রহমান একাধারে নাট্যজন, অভিনেতা, মঞ্চনির্দেশক ও লেখক। ১৯৪১ সালের ১৮ জুন নোয়াখালীতে জন্ম নেওয়া এই সাংস্কৃতিক ব্যক্তিত্ব স্বাধীনতাত্তোর মঞ্চনাট্য আন্দোলনের অন্যতম পথিকৃৎ হিসেবে পরিচিত।
দেশের সংস্কৃতি ও নাট্যাঙ্গনে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি একুশে পদক ও স্বাধীনতা পদকে ভূষিত হয়েছেন।
এম জি