তারকাজীবনের চাকচিক্যের আড়ালে প্রতিদিনই চাপ, সমালোচনা আর নিজেকে প্রমাণের লড়াই চলে বলে মন্তব্য করেছেন ঢালিউড অভিনেত্রী নুসরাত ফারিয়া। সম্প্রতি এক অনুষ্ঠানে নিজের সংগ্রাম, ক্যারিয়ারের চাপ এবং সামাজিক যোগাযোগমাধ্যমের নেতিবাচক মন্তব্য নিয়ে খোলামেলা কথা বলেন তিনি।
সমালোচনা প্রসঙ্গে তিনি বলেন, “একদিন যদি এক ইঞ্চি মোটা লাগে, পরের দিন সোশ্যাল মিডিয়াতে আমাদের মেরে ফেলবে। আবার একদিন যদি ভুল কিছু বলে ফেলি, তখনও সমালোচনা শুরু হয়ে যায়।”
নুসরাত ফারিয়া বলেন, জীবনে কোনো অর্জনই সংগ্রাম ছাড়া সম্ভব নয়। তিনি জানান, ছাত্রজীবনে অনেক পরিশ্রম করলেও কখনো প্রথম, দ্বিতীয় বা তৃতীয় হতে পারেননি। এ নিয়ে মায়ের কাছে হতাশা প্রকাশ করলে মা তাকে বলেছিলেন, কঠোর পরিশ্রমের কোনো বিকল্প নেই।
অভিনেত্রী বলেন, এখন পর্যন্ত তিনি ২৩টি সিনেমায় অভিনয় করেছেন। পাশাপাশি গান ও দেশ-বিদেশে পাঁচ শতাধিক মঞ্চ শো করেছেন। কিন্তু এত অভিজ্ঞতার পরও প্রতিবার ক্যামেরা বা মঞ্চের সামনে দাঁড়ালে তার মধ্যে ভয় ও দুশ্চিন্তা কাজ করে। তার অনুভূতি হয় যেন সেটাই প্রথম এবং শেষ সুযোগ।
শোবিজ অঙ্গনের বাস্তবতা তুলে ধরে ফারিয়া বলেন, বাইরে থেকে এই জগতকে যতটা ঝলমলে মনে হয়, বাস্তবে প্রতিদিনই নিজেকে সেরা প্রমাণ করার চাপ থাকে। সবসময় ভালো দেখা, ভালো কথা বলা এবং নিখুঁত পারফরম্যান্স দেওয়ার প্রত্যাশা থাকে সবার।
তার ভাষায়, এই অঙ্গনে টিকে থাকতে হলে প্রতিনিয়ত নিজের সেরাটা দিয়েই যেতে হয়।
এএন