জনপ্রিয় টিভি সিরিজ শার্লক হোমসে ড. ওয়াটসন চরিত্রে অভিনয় করে বিশ্বজুড়ে পরিচিতি পাওয়া ব্রিটিশ অভিনেতা ডেভিড বার্ক মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯১ বছর।
গত ১০ মে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। শুক্রবার (১৫ মে) তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে তার প্রতিনিধিত্বকারী সংস্থা স্কট মার্শাল পার্টনার্স। তবে পরিবারের পক্ষ থেকে এখনো মৃত্যুর কারণ জানানো হয়নি।
১৯৩৪ সালের ১৫ মে জন্ম নেওয়া ডেভিড বার্ক লন্ডনের বিখ্যাত অভিনয় শিক্ষাপ্রতিষ্ঠান রয়্যাল একাডেমি অব ড্রামাটিক আর্ট (RADA) থেকে অভিনয়ের প্রশিক্ষণ নেন। পরবর্তীতে জাতীয় নাট্যশালার মঞ্চে কিং লিয়ার নাটকে অভিনয়ের মাধ্যমে মঞ্চে খ্যাতি অর্জন করেন তিনি।
দীর্ঘ অভিনয় জীবনে তিনি মিডসোমার মার্ডার্সসহ একাধিক জনপ্রিয় প্রযোজনায় কাজ করেন। এছাড়া রেইলি, এস অব স্পাইজ, দ্য ওম্যান ইন ব্ল্যাক, দ্য রাইভালস, বার্টি অ্যান্ড এলিজাবেথ এবং দ্য ম্যান হু সো টুমরো–তেও দেখা গেছে তাকে।
১৯৮০-এর দশকে জেরেমি ব্রেটের সঙ্গে শার্লক হোমস সিরিজের প্রথম মৌসুমে ড. ওয়াটসন চরিত্রে অভিনয় করেন ডেভিড বার্ক। পরবর্তীতে দ্বিতীয় মৌসুমে তার স্থলাভিষিক্ত হন এডওয়ার্ড হার্ডউইক।
পারিবারিক জীবনে স্ত্রী আনা ক্যালডার মার্শাল এবং ছেলে টম বার্ককে রেখে গেছেন এই অভিনেতা। জানা যায়, দীর্ঘ সময় শুটিংয়ের কারণে পরিবার থেকে দূরে থাকার মানসিক কষ্টের কারণেই তিনি পরবর্তী মৌসুমে আর কাজ না করার সিদ্ধান্ত নেন।
তার ছেলে টম বার্কও অভিনয় জগতে প্রতিষ্ঠিত নাম। তিনি দ্য মাস্কেটিয়ার্স ও স্ট্রাইক সিরিজে অভিনয়ের মাধ্যমে পরিচিতি পান।
এএন