কারিনার পর এবার হেপাটাইটিস ‘এ’ ভাইরাসে আক্রান্ত ডিজে সনিকা

বিনোদন ডেস্ক প্রকাশিত: মে ১৯, ২০২৬, ০৫:১৫ পিএম

কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারের পর এবার হেপাটাইটিস ‘এ’ ভাইরাসে আক্রান্ত হয়েছেন দেশের জনপ্রিয় ডিজে তারকা ও গায়িকা সনিকা। বর্তমানে তিনি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সোমবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অসুস্থতার খবর ভক্তদের সঙ্গে শেয়ার করেন সনিকা। হাসপাতালের বিছানায় শুয়ে থাকা একটি ছবি পোস্ট করে তিনি লেখেন, আগামী কয়েক দিনের জন্য এটাই আমার ঘর।

সনিকা ২০০৭ সালে পেশাদার ডিজে হিসেবে সংগীতজগতে যাত্রা শুরু করেন। অল্প সময়েই তিনি দেশের সংগীতাঙ্গনে পরিচিত মুখ হয়ে ওঠেন। ২০১১ সালের আইসিসি ক্রিকেট বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করে তিনি আন্তর্জাতিক মঞ্চেও পারদর্শিতা দেখান।

সংগীতের পাশাপাশি ছোটপর্দাতেও কাজ করেছেন সনিকা। ২০১৫ সালে তিনি অভিনয়ে নাম লেখান এবং ‘লাস্ট সিকোয়েন্স’ ও ‘থ্রিপল এফ’ নাটকে অভিনয় করে দর্শকের প্রশংসা পান।

জেএইচআর