ককরোচ পার্টির বিক্ষোভে রণক্ষেত্র দিল্লি, প্রতিবাদ জানালেন অরিজিৎ সিং

বিনোদন ডেস্ক প্রকাশিত: জুলাই ২১, ২০২৬, ০৬:১৮ পিএম

ভারতের রাজধানী দিল্লিতে নিট পরীক্ষায় অনিয়মের অভিযোগ এবং শিক্ষাব্যবস্থার সংস্কারের দাবিতে আয়োজিত ‘চলো সংসদ’ কর্মসূচিকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। রোববার হাজারো শিক্ষার্থীর অংশগ্রহণে শুরু হওয়া বিক্ষোভ একপর্যায়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে রূপ নেয়। আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে দিল্লি পুলিশ কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ ও লাঠিচার্জ করলে পরিস্থিতি আরও অস্থির হয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, শিক্ষার্থীদের এই আন্দোলনে সংহতি জানাতে উপস্থিত ছিলেন প্রবীণ অভিনেত্রী শাবানা আজমি। তিনি বলেন, সংবিধানের আওতায় থেকে নিজেদের অধিকার আদায়ের দাবি জানানো প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার। বলপ্রয়োগের পরিবর্তে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি।

পুলিশি অভিযানের ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি দেশজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসে। বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা শিক্ষার্থীদের প্রতি সংহতি জানিয়ে পুলিশের কঠোর অবস্থানের সমালোচনা করেন।

এ সময় সবচেয়ে বেশি আলোচনায় আসে সংগীতশিল্পী অরিজিৎ সিংয়ের প্রতিক্রিয়া। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, “এবার তোমরা ছাত্রদের পেটাচ্ছ? তোমাদের কি লজ্জা করে না? মাননীয় মন্ত্রী ও নেতৃবৃন্দ, এসব হচ্ছেটা কী! তোমরা কি নিজেদের ঈশ্বর ভাবতে শুরু করেছ? সবকিছু মনে রাখা হবে।”

অরিজিৎ সিংয়ের এই মন্তব্য প্রকাশের পর অল্প সময়ের মধ্যেই তা ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। সামাজিক যোগাযোগমাধ্যমে তার বক্তব্য ঘিরে শুরু হয় বিস্তর আলোচনা। অনেকেই তার অবস্থানকে সমর্থন জানিয়ে শিক্ষার্থীদের প্রতি সংহতি প্রকাশ করেন।

অরিজিৎ সিং ও শাবানা আজমির পাশাপাশি অভিনেত্রী সানিয়া মালহোত্রা, ঈশান খাট্টর, সিদ্ধান্ত চতুর্বেদী, অহনা কুমরা, মহিমা মাকওয়ানা, নফিসা আলি, স্বানন্দ কিরকিরে, ফাতিমা সানা শেখ, হুমা কুরেশি, অনুরাগ কাশ্যপ এবং আলি ফজলও প্রকাশ্যে শিক্ষার্থীদের পক্ষে অবস্থান নেন। তারা পুলিশি পদক্ষেপের সমালোচনা করে শান্তিপূর্ণ আন্দোলনের প্রতি সম্মান দেখানোর আহ্বান জানান।

এদিকে ‘ককরোচ পার্টি’কে সমর্থন করার অভিযোগে অভিনেত্রী স্বরা ভাস্করের স্বামী ফাহাদের গ্রেপ্তার নিয়েও বলিউডে আলোচনা তৈরি হয়েছে। বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে প্রতিক্রিয়া অব্যাহত রয়েছে।

পর্যবেক্ষকদের মতে, এই আন্দোলন এখন শুধু নিট পরীক্ষার অনিয়মের মধ্যে সীমাবদ্ধ নেই। শিক্ষাব্যবস্থার জবাবদিহিতা, প্রশাসনিক দায়িত্বশীলতা এবং শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার- এসব বিষয়কে ঘিরে দেশজুড়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। পরিস্থিতির পরবর্তী মোড় কোন দিকে যায়, এখন সেদিকেই নজর সবার।

এএন