‘রাগ করলা’ দিয়ে ফেসবুক সয়লাব, রুচির দুর্ভিক্ষ বললেন নিলয়

বিনোদন ডেস্ক প্রকাশিত: মে ১৯, ২০২৬, ০৫:৪৩ পিএম

সামাজিক যোগাযোগমাধ্যমে গত কয়েকদিন ধরে একটি নির্দিষ্ট সংলাপ ‘রাগ করলা’ ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। ফেসবুকের পোস্ট, কমেন্ট এমনকি বিভিন্ন কনটেন্টেও এই বাক্যটি ব্যবহার করছেন ব্যবহারকারীরা, যা এখন রীতিমতো ভাইরাল ট্রেন্ডে পরিণত হয়েছে।

এই ভাইরাল প্রবণতা নিয়ে সমালোচনায় মুখ খুলেছেন ছোট পর্দার অভিনেতা নিলয় আলমগীর। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে বিষয়টিকে কেন্দ্র করে তৈরি হওয়া অতিরিক্ত উচ্ছ্বাস ও ভিড়কে কড়া ভাষায় সমালোচনা করেন।

নিলয় আলমগীর তার পোস্টে লেখেন, “রাগ করলা, রাগ করলা বলতে বলতে তাকে ভাইরাল করো, তারপর তাকে দিয়ে শোরুম উদ্বোধন করাও। অ্যাওয়ার্ড অনুষ্ঠানে ইনভাইট করে অ্যাওয়ার্ড দাও। তারপর স্ট্যাটাস দাও, রুচির দুর্ভিক্ষ।”

তার এই মন্তব্যে মূলত তিনি ইঙ্গিত করেছেন- কোনো সাধারণ বিষয় বা ব্যক্তিকে হঠাৎ ভাইরাল করে পরে সেটিকে বাণিজ্যিক ও সামাজিকভাবে ব্যবহার করার প্রবণতার দিকে।

অভিনেতার এই পোস্ট প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা-সমালোচনা। অনেক নেটিজেন তার বক্তব্যের সঙ্গে একমত প্রকাশ করেছেন, আবার কেউ কেউ বিষয়টিকে ভিন্নভাবে দেখছেন।

উল্লেখ্য, সম্প্রতি ‘রাগ করলা’ সংলাপটি বলে আলোচনায় আসেন এক ব্যক্তি, যাকে নিয়ে বিভিন্ন ভিডিও ও কনটেন্ট ছড়িয়ে পড়ে। জানা যায়, তিনি মূলত একজন অভিনেতা ঈমান আলী, যিনি গাজীপুরে বসবাস করেন এবং বিভিন্ন চরিত্রে অভিনয় করেন।

এএন