ঈদে দর্শক মাতাবে নুসরাত ফারিয়ার ‘লোকে বলে’

বিনোদন ডেস্ক প্রকাশিত: মে ২২, ২০২৬, ০৫:১২ পিএম

ঈদকে ঘিরে বরাবরের মতো এবারও নতুন আয়োজন নিয়ে হাজির হচ্ছেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। দর্শক-শ্রোতাদের জন্য তিনি নিয়ে আসছেন নতুন গান ‘লোকে বলে’, যেখানে তার সঙ্গে কাজ করেছেন জনপ্রিয় সংগীত পরিচালক ফুয়াদ আল মুক্তাদির।

বাংলা ফোক ও পপ ধারার মিশেলে তৈরি গানটিতে গ্রামীণ আবহের সঙ্গে আধুনিক সংগীতায়োজনের সমন্বয় করা হয়েছে। গানের কথা লিখেছেন তাহজিব এম বন্ধন। সুর ও সংগীত পরিচালনার দায়িত্বও সামলেছেন ফুয়াদ আল মুক্তাদির নিজেই।

এদিকে গানটির মিক্স ও মাস্টার করেছেন অভিষেক ঘটক। নির্মাতা সূত্রে জানা গেছে, সংগীতের ঐতিহ্যবাহী আবহ বজায় রেখেই গানটিকে সমসাময়িক উপস্থাপনায় সাজানো হয়েছে।

সম্প্রতি গানটির ভিডিও ধারণের কাজ শেষ হয়েছে। ভিডিওটি নির্মাণ করেছেন কলকাতার কোরিওগ্রাফার ও পরিচালক বাবা যাদব।

জানা গেছে, আসন্ন ঈদের দিন গানটি প্রকাশ করা হবে এসভিএফ মিউজিক এবং ব্লিং মিউজিকের ইউটিউব চ্যানেলে।

উল্লেখ্য, প্রতি বছরই নতুন গান নিয়ে হাজির হন নুসরাত ফারিয়া। ২০২৪ সালে এসভিএফ-এর ব্যানারে তার সর্বশেষ গান প্রকাশ হয়েছিল। এবার ২০২৬ সালে একই প্রতিষ্ঠানের সঙ্গে ফিরছেন তিনি। ‘লোকে বলে’ তার ক্যারিয়ারের পঞ্চম একক গান হিসেবে যুক্ত হতে যাচ্ছে।

এম জি