জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে প্রকাশিত হয়েছে কোক স্টুডিও বাংলার চতুর্থ সিজনের প্রথম গান ‘রুম ঝুম’।
শনিবার (২৩ মে) সন্ধ্যায় গানটি উন্মুক্ত করা হয় কোক স্টুডিও বাংলার ইউটিউব চ্যানেলে।
নতুন এই গানে অটোমান-তুর্কি লোকসংগীত ‘উস্কুদারা গিদের ইকেন’ এর সুরধারা ব্যবহার করা হয়েছে, যা একসময় নজরুল তাঁর সৃষ্টিতে গ্রহণ করে বাংলা সংগীত ও কবিতাকে নতুন মাত্রা দিয়েছিলেন। সেই ঐতিহ্যকে সামনে রেখে তুরস্ক ও বাংলার সংগীত সংস্কৃতির মেলবন্ধন ঘটানো হয়েছে ‘রুম ঝুম’ এ।
গানটিতে তুর্কি লোকসংগীত অংশ পরিবেশন করেছেন তুরস্কের শিল্পী আলিফ হান্দে সেভগেল ও মোস্তফা ইপেক। অন্যদিকে নজরুলের ‘রুম ঝুম’ অংশে কণ্ঠ দিয়েছেন বাংলাদেশের শিল্পী মাহতিম শাকিব ও নুসরাত জাহান।
এই গানের মাধ্যমে প্রথমবারের মতো কোক স্টুডিও বাংলার সঙ্গে যুক্ত হয়েছেন মাহতিম ও নুসরাত। অনুভূতি প্রকাশ করতে গিয়ে মাহতিম বলেন, কোক স্টুডিও বাংলা এমন একটি প্ল্যাটফর্ম, যেখানে শেকড় ও ঐতিহ্যকে সম্মান জানিয়ে কালজয়ী সংগীত নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে।
নুসরাত জানান, গানটির সংগীত প্রযোজনায় ছিলেন শুভেন্দু, যিনি ছোটবেলা থেকেই তাঁর ও ভাই সাইফের সংগীতজীবনের অনুপ্রেরণা। তাঁর সঙ্গে কাজ করার সুযোগকে তিনি স্বপ্নপূরণ হিসেবে দেখছেন। পাশাপাশি কোক স্টুডিও বাংলায় ‘রুম ঝুম’ এর মতো গানের মাধ্যমে যাত্রা শুরু করতে পেরে তিনি উচ্ছ্বাস প্রকাশ করেন।
গানটি নিয়ে কোকাকোলা বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. মঈন উল্লাহ চৌধুরী বলেন, শত বছরের পুরোনো তুর্কি লোকসুর বাংলা কবিতার সঙ্গে মিলেমিশে যাওয়ার মধ্য দিয়ে সংস্কৃতির চলমান অগ্রযাত্রাই প্রতিফলিত হয়েছে। কোক স্টুডিও বাংলা সেই ঐতিহ্য ও সাংস্কৃতিক সংযোগকে গুরুত্ব দিচ্ছে।
উল্লেখ্য, ২০২২ সালে যাত্রা শুরু করে কোক স্টুডিও বাংলা। এবারের চতুর্থ সিজনে মোট আটটি গান প্রকাশের পরিকল্পনা রয়েছে। আয়োজকদের ভাষ্য অনুযায়ী, প্রতিটি গানই আলাদা আবেগ, ধারা ও সংগীত বৈচিত্র্যকে কেন্দ্র করে নির্মিত হবে।
এম জি