২০২১ সালের বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর সমাজমাধ্যমে করা মন্তব্যকে কেন্দ্র করে নতুন করে বিতর্কে জড়ালেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় ও অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। ভোট-পরবর্তী হিংসায় উস্কানির অভিযোগ তুলে তাঁদের বিরুদ্ধে গড়িয়াহাট থানায় এফআইআর দায়ের হয়েছে।
অভিযোগের তদন্তে শনিবার (২৩ মে) গড়িয়াহাট থানায় হাজির হন স্বস্তিকা মুখোপাধ্যায়। পুলিশ সূত্রে জানা গেছে, প্রায় এক ঘণ্টা ধরে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। তবে এ বিষয়ে এখনও প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি তিনি।
জানা যায়, গত বৃহস্পতিবার আইনজীবী জয়দীপ সেন গড়িয়াহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তাঁর দাবি, ২০২১ সালের বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের দিন সমাজমাধ্যমে করা কিছু পোস্ট ও মন্তব্য রাজ্যের রাজনৈতিক পরিস্থিতিকে উত্তপ্ত করে তোলে।
অভিযোগ অনুযায়ী, পরমব্রত চট্টোপাধ্যায় একটি বিতর্কিত পোস্ট করেছিলেন এবং সেই পোস্টে মন্তব্যের মাধ্যমে সমর্থন জানিয়েছিলেন স্বস্তিকা মুখোপাধ্যায়। অভিযোগকারীর বক্তব্য, তাঁদের মন্তব্যের প্রভাবে বিভিন্ন জায়গায় রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধি পায়।
আইনজীবী জয়দীপ সেন জানান, ভারতীয় দণ্ডবিধির ১০৭ ধারায় তাঁদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। তাঁর দাবি, পরিচিত মুখ হিসেবে তাঁদের বক্তব্য সাধারণ মানুষের উপর প্রভাব ফেলেছিল এবং ভোট-পরবর্তী সহিংসতার আবহ তৈরিতে তা ভূমিকা রেখেছিল।
এদিকে পুলিশ সূত্রে খবর, তদন্তের প্রয়োজনে আগামী দিনে পরমব্রত চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হতে পারে।
ঘটনাটি ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে নানা প্রতিক্রিয়া ও বিতর্ক শুরু হয়েছে।
এম জি