গণসংগীতশিল্পী কামরুদ্দীন আবসার আর নেই

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: মে ৩১, ২০২৬, ০১:২৪ পিএম

প্রখ্যাত গণসংগীতশিল্পী, গীতিকার ও সংগীত শিক্ষক কামরুদ্দীন আবসার আর নেই।

শনিবার (৩০ মে) রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর বিআইএসএইচ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

পরিবারের সদস্যরা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন কামরুদ্দীন আবসার। ২০১১ সালে স্ট্রোকের পর থেকে তিনি নিয়মিত চিকিৎসার মধ্যে ছিলেন। সম্প্রতি তার স্বাস্থ্যের আরও অবনতি ঘটে। নিউমোনিয়া ও ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত হওয়ার পর গত ১৪ মে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তার চিকিৎসা চলছিল।

তার প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধা জানানোর জন্য সোমবার (১ জুন) সকালে মরদেহ রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হবে। সেখানে সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শ্রদ্ধা নিবেদনের সুযোগ থাকবে।

এর আগে রোববার বাদ জোহর তার জানাজা অনুষ্ঠিত হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে।

কামরুদ্দীন আবসারের মৃত্যুতে দেশের সাংস্কৃতিক ও রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন প্রগতিশীল সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন তার অবদানের কথা স্মরণ করে গভীর শোক প্রকাশ করেছে এবং শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছে।

গণসংগীত চর্চা, সাংস্কৃতিক আন্দোলন এবং প্রগতিশীল ধারার সংগীত বিকাশে তার অবদান দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।

এম জি