চলচ্চিত্রের অভিনয়শিল্পী আসমা ঝিলিককে হাসপাতালের আট তলা থেকে ফেলে হত্যার অভিযোগ উঠেছে তাঁর স্বামীর বিরুদ্ধে। রাজধানীর ধানমন্ডির বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে এই ঘটনা ঘটে। নিহতের পরিবারের দাবি, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড।
শুক্রবার দুপুরে এই ঘটনা ঘটে। নিহত আসমা ঝিলিক নাটক ও সিনেমায় অভিনয় করতেন। চিত্রনায়ক শাকিব খানের সঙ্গে ‘রংবাজ’ সিনেমাতেও অভিনয় করেছিলেন তিনি।
নিহত আসমার বোন রেশমি আক্তার লোপা সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, শুক্রবার দুপুর দেড়টার দিকে তাঁর বোনকে স্বামী সাইফুল্লাহ ধানমন্ডি বাংলাদেশ মেডিকেলের ৮ তলা থেকে ফেলে দেন। ঘটনার কিছুক্ষণ আগেই বোনের সঙ্গে ভিডিওকলে তাঁর স্বাভাবিক কথাবার্তা ও গল্প হয়েছিল।
অভিনেত্রীর ভাই মোজাম্মেল হক জানান, আসমা ঝিলিক ও তাঁর স্বামী সাইফুল্লাহ চিকিৎসার জন্য ওই হাসপাতালে গিয়েছিলেন। সেখানে দুজনের মধ্যে কোনো বিষয় নিয়ে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে আসমাকে ৮ তলা থেকে নিচে ফেলে দেন সাইফুল্লাহ। নিচে পড়ার সাথে সাথেই তাঁর মৃত্যু হয়।
এই ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের পর অভিযুক্ত স্বামী সাইফুল্লাহকে গ্রেফতার করেছে পুলিশ। আসামি বর্তমানে জেলহাজতে রয়েছেন।
ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল জানান, পুলিশ বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন করা হয়েছে। সুরতহাল প্রতিবেদনে প্রাথমিকভাবে ফেলে হত্যার স্পষ্ট প্রমাণ না মিললেও ময়নাতদন্তের চূড়ান্ত প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর প্রকৃত রহস্য উদঘাটিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
জেএইচআর