অপুর সোনার কলসের পর শাকিব পেলেন ৭০ লাখ টাকার ঘড়ি

বিনোদন ডেস্ক প্রকাশিত: জুন ১৪, ২০২৬, ০৪:১১ পিএম

চ্যানেল আইয়ের বিশেষ আয়োজনে আবারও আলোচনায় এসেছে তারকাদের ব্যতিক্রমী উপহার। এর আগে একই মঞ্চে চিত্রনায়িকা অপু বিশ্বাস পেয়েছিলেন সোনার কলস। সেই ঘটনার পর এবার ঢালিউড সুপারস্টার শাকিব খানকে দেওয়া হলো বিশ্বখ্যাত সুইস বিলাসবহুল ব্র্যান্ড ‘রোলেক্স’-এর একটি মূল্যবান ঘড়ি, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৭০ লাখ টাকা।

‘চাঁদ তারার গুঞ্জন’ নামের বিশেষ অনুষ্ঠানের ধারণকালে এই চমকপ্রদ আয়োজন করা হয়। চিত্রনায়িকা পূর্ণিমার উপস্থাপনায় অনুষ্ঠানের সেটে শাকিব খানকে ঘড়িটি উপহার দেওয়া হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম শাকিব খানের কবজিতে ঘড়িটি পরিয়ে দেন।

উপহার দেওয়া ঘড়িটি রোলেক্সের জনপ্রিয় ও অভিজাত মডেল ‘GMT-Master II Root Beer’ (Ref. 126715CHNR)। ঘড়িটির বডি ও ব্রেসলেট তৈরি হয়েছে রোলেক্সের নিজস্ব ১৮ ক্যারেট এভারোজ গোল্ড দিয়ে। এর অন্যতম আকর্ষণ দ্বি-রঙা সিরামিক বেজেল, যেখানে কালো ও চকোলেট ব্রাউন রঙের সমন্বয় রয়েছে। ঘড়িটিতে থাকা বিশেষ জিএমটি ফিচারের মাধ্যমে একই সঙ্গে বিশ্বের তিনটি ভিন্ন টাইম জোনের সময় ট্র্যাক করা যায়, যা আন্তর্জাতিক ভ্রমণকারীদের জন্য উপযোগী। বিশ্ববাজারে এই মডেলের অফিশিয়াল রিটেইল মূল্য প্রায় ৫৩ হাজার ১০০ মার্কিন ডলার।

মূল্যবান এই উপহার পেয়ে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে শাকিব খান বলেন, এটি সাগর ভাইয়ের পক্ষেই সম্ভব। আমি আমার লাইফে যত গিফট পেয়েছি, টাকার অঙ্কের দিক থেকেও এটি অন্যতম বড়, আর ভালোবাসার দিক থেকেও এই গিফট আমার কাছে প্রাইসলেস।

তিনি আরও জানান, কিছুদিন আগে এক ছোটভাইয়ের কাছে একটি রোলেক্স ঘড়ি কেনার ইচ্ছা প্রকাশ করেছিলেন। সেই কথা কোনোভাবে সাগর ভাইয়ের কান পর্যন্ত পৌঁছানোর পর এই সারপ্রাইজ দেওয়া হয়। ঘড়িটি তিনি তাঁর ব্যক্তিগত সংগ্রহশালায় সংরক্ষণ করে রাখবেন। অনুষ্ঠান সংশ্লিষ্টরা জানিয়েছেন, ‘চাঁদ তারার গুঞ্জন’-এর এই বিশেষ পর্বটি শিগগিরই টেলিভিশন পর্দায় প্রচারিত হবে।

জেএইচআর