আল্লু অর্জুনকে আদালতে হাজিরার নির্দেশ

বিনোদন ডেস্ক প্রকাশিত: জুন ২০, ২০২৬, ০১:৫৬ পিএম

নিজের অভিনীত সিনেমার স্ক্রিনিংয়ে এক নারীর পদদলিত হয়ে মৃত্যুর ঘটনায় আবারও আদালতে হাজিরার নোটিশ পেলেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা আল্লু অর্জুন। টানা দুই বছর ধরে এ ঘটনায় দায়ের করা মামলা নিয়ে তিনি আইনি জটিলতায় রয়েছেন।

ভারতীয় সংবাদমাধ্যম এই সময়ের প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালের ৫ ডিসেম্বর বিশ্বব্যাপী মুক্তি পায় আলোচিত সিনেমা ‘পুষ্পা টু: দ্য রুল’। প্রেক্ষাগৃহে মুক্তির আগে ৪ ডিসেম্বর হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে সিনেমাটির বিশেষ প্রিমিয়ার শো আয়োজন করা হয়।

সেই অনুষ্ঠানেই ঘটে দুর্ঘটনা। প্রিয় তারকাকে একনজর দেখতে বিপুল সংখ্যক ভক্ত সেখানে ভিড় করেন। অতিরিক্ত ভিড়ে রেবতী নামের এক নারী পদদলিত হয়ে মারা যান। ঘটনায় রেবতীর ৯ বছর বয়সী ছেলে তেজও গুরুতর আহত হয়।

এ ঘটনায় মামলা হলে আল্লু অর্জুনসহ তার ব্যক্তিগত ব্যবস্থাপক, স্টাফ, আটজন বাউন্সার এবং প্রেক্ষাগৃহের মালিকসহ মোট ২০ জনকে অভিযুক্ত করা হয়। পরে ২০২৪ সালের ১৩ ডিসেম্বর আল্লু অর্জুনকে গ্রেফতার করা হয়। এক রাত পুলিশ হেফাজতে থাকার পর তেলেঙ্গানা হাই কোর্ট তার জামিন মঞ্জুর করে।

জানা গেছে, সম্প্রতি হায়দরাবাদের একটি আদালতে মামলার তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে পুলিশ। তদন্তকারীদের দাবি, অভিনেতা আল্লু অর্জুন প্রেক্ষাগৃহে আসবেন জেনেও সন্ধ্যা থিয়েটার কর্তৃপক্ষ পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেয়নি।

এই চার্জশিটের ভিত্তিতেই আদালত আল্লু অর্জুনসহ ২০ জন অভিযুক্তকে জরুরি ভিত্তিতে আগামী সোমবার (২২ জুন) হাজির হতে নির্দেশ দিয়েছে। ওই দিন থেকেই মামলার আনুষ্ঠানিক বিচারপ্রক্রিয়া শুরু হবে।

এম জি