প্রভার পুরোনো ভিডিও ফাঁসের বিতর্ক শোবিজে ফের আলোচনায়

বিনোদন ডেস্ক প্রকাশিত: জুন ২০, ২০২৬, ০৫:১৮ পিএম

প্রায় ১৬ বছর আগে ঘটে যাওয়া ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিগত ভিডিও ফাঁসের ঘটনাটি নতুন করে আলোচনায় এসেছে। সম্প্রতি শোবিজ অঙ্গনের একাধিক সহশিল্পী ও নির্মাতা সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে সোচ্চার হওয়ার পর ঘটনাটি আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসে।

সম্প্রতি এক ফেসবুক লাইভে প্রভা নিজেই সেই দুঃসহ অভিজ্ঞতার কথা তুলে ধরেন। তিনি জানান, ঘটনার পর দীর্ঘ সময় ধরে তিনি তীব্র মানসিক চাপের মধ্য দিয়ে গেছেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রল ও হয়রানির শিকার হয়েছেন। প্রভার এই বক্তব্যের পর সহকর্মী ও ভক্তদের অনেকেই তাঁর প্রতি সমর্থন ও সহানুভূতি প্রকাশ করছেন।

নির্মাতা শিহাব শাহীন নিজের ফেসবুক আইডিতে প্রভার সাবেক বাগদত্তা রাজিব হাসানের একটি পুরোনো ছবি শেয়ার করে একটি পোস্ট দেন। তিনি উল্লেখ করেন, তৎকালীন সময়ে যথাযথ আইনি প্রক্রিয়ার ঘাটতি থাকায় ঘটনার মূল হোতার কোনো শাস্তি হয়নি এবং অন্যায্যভাবে সব দোষ প্রভার ওপর চাপানো হয়েছিল।

অন্যদিকে, অভিনেত্রী ফারিন খান প্রশ্ন তুলেছেন, এত বড় অপরাধের পরও কেন অভিযুক্ত ব্যক্তি শাস্তির মুখোমুখি হলো না। অভিনেত্রী সিনথিয়া জানান, এই ঘটনার জের ধরে দীর্ঘদিন প্রভাকে ভালো কাজ থেকে বঞ্চিত রাখা হয়েছে। তিনি প্রভাকে বড় প্রজেক্টে সুযোগ দিয়ে একজন ভিক্টিম হিসেবে তাঁর অধিকার ফিরিয়ে দেওয়ার আহ্বান জানান।

উল্লেখ্য, ২০১০ সালে অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন প্রভা। তবে বিয়ের কিছুদিন পরই তাঁর সাবেক বাগদত্তা রাজিব হাসানের সঙ্গে সম্পর্কিত একটি ব্যক্তিগত ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়ে। ঘটনাটি তখন প্রভার ব্যক্তিগত ও দাম্পত্য জীবনে মারাত্মক প্রভাব ফেলে, যার জেরে অপূর্বর সঙ্গে তাঁর বিবাহবিচ্ছেদ ঘটে। দীর্ঘদিন পেরিয়ে গেলেও দোষী ব্যক্তির বিচার না হওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে এখনো অনেকে ক্ষোভ প্রকাশ করছেন।