অভিনেত্রীর ফ্ল্যাটে ব্যবসায়ীর মরদেহ, তদন্তে পুলিশ

বিনোদন ডেস্ক প্রকাশিত: জুন ২৭, ২০২৬, ০২:৫৯ পিএম

ভারতের কন্নড় চলচ্চিত্রের অভিনেত্রী কৃষি তপান্ডার বেঙ্গালুরুর ফ্ল্যাট থেকে বৈশাখ (৩৩) নামে এক ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘিরে রাজরাজেশ্বরী নগর থানা পুলিশ তদন্ত শুরু করেছে।

পুলিশের তথ্য অনুযায়ী, গিরিনগরের বাসিন্দা বৈশাখ বেশ কিছুদিন ধরে কৃষি তপান্ডার ওই ফ্ল্যাটে থাকছিলেন। ঘটনার সময় তিনি ফ্ল্যাটে একাই ছিলেন। প্রাথমিকভাবে জানা গেছে, মৃত্যুর আগে তিনি অভিনেত্রীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিলেন।

ঘটনার খবর পেয়ে কৃষি তপান্ডা বৈশাখের পরিবারের সদস্যদের বিষয়টি জানান। পরে তারা ফ্ল্যাটে গিয়ে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে তাকে মৃত অবস্থায় দেখতে পান। ঘটনাস্থল থেকে কোনো সুইসাইড নোট বা ভিডিও বার্তা উদ্ধার হয়নি।

এ ঘটনায় বৈশাখের বাবার অভিযোগের ভিত্তিতে অস্বাভাবিক মৃত্যুর মামলা হয়েছে। পুলিশ জানিয়েছে, চলতি বছরের শুরুতে এক ব্যবসায়ীকে হুমকিমূলক চিঠি পাঠানোর অভিযোগে বৈশাখ গ্রেপ্তার হয়েছিলেন। পরে তিনি জামিনে মুক্তি পান। ওই মামলার চাপ বা অন্য কোনো ব্যক্তিগত কারণ এই মৃত্যুর সঙ্গে সংশ্লিষ্ট কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।

২০১৬ সালে ‘আকিরা’ চলচ্চিত্রের মাধ্যমে কন্নড় চলচ্চিত্রে অভিষেক হয় কৃষি তপান্ডার। এরপর তিনি একাধিক জনপ্রিয় সিনেমায় অভিনয় করেন। পাশাপাশি ‘বিগ বস কন্নড়’ এ অংশ নিয়ে দর্শকদের কাছে আরও পরিচিতি লাভ করেন।

এম জি