স্পটিফাই গ্লোবালে নতুন ইতিহাস

একচ্ছত্র রাজত্ব করছে শাকিরা ও বার্না বয়ের ‘দাই দাই’ গান

বিনোদন ডেস্ক প্রকাশিত: জুলাই ৭, ২০২৬, ০৫:০৮ পিএম

বিশ্ব ফুটবলের উন্মাদনার মাঝে সংগীত দুনিয়ায় এক ঐতিহাসিক ঝড় তুলেছে ২০২৬ ফিফা বিশ্বকাপের অফিশিয়াল অ্যান্থেম বা থিম সং ‘দাই দাই’। কলম্বিয়ান পপ সম্রাজ্ঞী শাকিরা এবং নাইজেরিয়ান আফ্রোবিট্স তারকা বার্না বয়ের এই যৌথ ট্র্যাকটি বিশ্বজুড়ে স্ট্রিমিং ও জনপ্রিয়তার সব রেকর্ড ভেঙে চুরমার করে দিচ্ছে। ওয়ার্ল্ড মিউজিক অ্যাওয়ার্ডসের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, গানটি টানা দ্বিতীয় দিনের মতো গ্লোবাল স্পটিফাই চার্টের শীর্ষস্থান দখল করে রেখেছে।

স্পটিফাইয়ের ইতিহাসে এই প্রথম কোনো বিশ্বকাপের অফিশিয়াল গান গ্লোবাল চার্টের এক নম্বর স্থান অর্জন করার নজির গড়ল। গত ২৪ ঘণ্টায় গানটি স্পটিফাইয়ে ৪,৬০৩ মিলিয়নেরও (৪৬০ কোটির বেশি) বেশি স্ট্রিম বা ভিউ পেয়েছে, যা ডিজিটাল মিউজিক ইন্ডাস্ট্রিতে এক অবিশ্বাস্য মাইলফলক।

শুধু স্পটিফাই-ই নয়, বিশ্বব্যাপী আইটিউনস সং চার্টেও টানা ১৩ দিন ধরে রাজত্ব করছে ‘দাই দাই’। গানটি মুক্তির পর থেকেই আন্তর্জাতিক সংগীতের দুনিয়ায় অভূতপূর্ব হাইপ তৈরি করেছে।

ইতিহাস গড়লেন শাকিরা ও বার্না বয়

ল্যাটিন পপ এবং আফ্রিকান রিদমের এই অনন্য ফিউশন গানটিকে ফুটবল প্রেমী ও সাধারণ শ্রোতা- উভয়ের কাছেই বিপুল জনপ্রিয় করে তুলেছে। কলম্বিয়ার বিশ্বখ্যাত সংগীতশিল্পী শাকিরা, যিনি এর আগে ২০১০ সালের 'ওয়াকা ওয়াকা' (Waka Waka) এবং ২০১৪ সালের 'লা লা লা' (La La La)-র মতো কালজয়ী ফুটবল গান উপহার দিয়ে বিশ্বকে নাচিয়েছেন, তিনি এই নতুন গানের মাধ্যমে নিজের শ্রেষ্ঠত্ব আরও একবার প্রমাণ করলেন।

অন্যদিকে, আফ্রিকার অন্যতম জনপ্রিয় গায়ক বার্না বয়ের শক্তিশালী কণ্ঠ ও আফ্রো-ফিউশন ধাঁচ গানটিতে একটি সম্পূর্ণ নতুন মাত্রা যোগ করেছে। এই সাফল্যের ফলস্বরূপ বার্না বয় প্রথম আফ্রিকান শিল্পী হিসেবে স্পটিফাইয়ে মাসিক ৫০ মিলিয়নেরও বেশি শ্রোতা পাওয়ার গৌরব অর্জন করেছেন। একই সাথে শাকিরাও স্পটিফাইয়ে প্রথম ল্যাটিন নারী শিল্পী হিসেবে ১০০ মিলিয়ন মাসিক শ্রোতার মাইলফলক স্পর্শ করেছেন।

পাঁচ ভাষার বৈশ্বিক কোলাবোরেশন

২০২৬ ফিফা বিশ্বকাপের অফিশিয়াল এই থিম সংটি মোট পাঁচটি ভাষায় (ইংরেজি, স্প্যানিশ, ইতালীয়, ফ্রেঞ্চ এবং জাপানি) তৈরি করা হয়েছে। ‘দাই দাই’ (Dai Dai) মূলত একটি ইতালীয় স্ল্যাং বা শব্দবন্ধ, যার অর্থ হলো- 'এগিয়ে যাও' বা 'নিজের সবটুকু উজাড় করে দাও'। 

মূলত মাঠে খেলোয়াড়দের এবং গ্যালারিতে ভক্তদের অনুপ্রেরণা জোগাতেই এই গানটি সাজানো হয়েছে। গানটির সহ-লেখক হিসেবে ব্রিটিশ পপ তারকা এড শিরান এবং বিশ্বখ্যাত মার্কিন গীতিকার জন বেলিয়ন কাজ করেছেন, যার কারণে গানটির লিরিক্স ও সুর আন্তর্জাতিক আবেদন পেয়েছে।

ইউটিউব ও সোশ্যাল মিডিয়ায় ঝড়

হ্যানা লাক্স ডেভিসের পরিচালনায় মিয়ামিতে চিত্রায়িত এই গানের মিউজিক ভিডিওটিও ইউটিউবে ব্যাপক ঝড় তুলেছে। ভিডিওতে ফুটবল কিংবদন্তি লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে এবং আর্লিং হালান্ডের মতো তারকাদের উপস্থিতি বিশ্বজুড়ে ক্রীড়ামোদিদের মাঝে তুমুল আলোড়ন তৈরি করে। ইতোমধ্যে ২০২৬ সালের প্রথম মিউজিভ ভিডিও হিসেবে এটি ইউটিউবে ৩০০ মিলিয়নেরও বেশি ভিউ পাওয়ার অনন্য রেকর্ড গড়েছে।

ডিজিটাল স্ট্রিমিং প্ল্যাটফর্মের এই একচ্ছত্র আধিপত্য এবং অভাবনীয় সাফল্যের কারণে মিউজিক বিশেষজ্ঞরা ধারণা করছেন, ‘দাই দাই’ কেবল এই মৌসুমের সেরা ফুটবল গানই নয়, বরং এটি ইতিহাসের অন্যতম সফল গ্লোবাল সামার অ্যান্থেম বা গ্রীষ্মকালীন সং হিসেবে চিরস্মরণীয় হয়ে থাকবে।

এএন