প্রায় ১৪ মাস পর আবারও দেশব্যাপী অনুষ্ঠিত হতে যাচ্ছে ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্যাম্পেইন। শিশুদের অপুষ্টি ও অন্ধত্ব প্রতিরোধে আগামী ২৮ জুন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই কর্মসূচি পরিচালিত হবে। এবার ৬ থেকে ৫৯ মাস বয়সী প্রায় ২ কোটি ৩৫ লাখ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
জনস্বাস্থ্য পুষ্টি ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী, মোট ২ কোটি ৩৫ লাখ ১৪ হাজার ৯৭২ জন শিশুকে এ কর্মসূচির আওতায় আনা হবে। এর মধ্যে ৬-১১ মাস বয়সী ২৮ লাখ ৩৮ হাজার ৭৯৪ জন শিশুকে নীল রঙের ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সী ২ কোটি ৫ লাখ ৭৬ হাজার ১৭৮ জন শিশুকে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে।
দুর্গম এলাকার শিশুদের অন্তর্ভুক্ত করতে ১২টি জেলার ৫৮টি উপজেলার ২৯০টি ইউনিয়নের ৭১৪টি ওয়ার্ডে মূল ক্যাম্পেইনের পর আরও চার দিন ‘চাইল্ড টু চাইল্ড সার্চিং’ কার্যক্রম পরিচালনা করা হবে।
কর্মসূচি বাস্তবায়নে দেশের বিভিন্ন স্থানে প্রায় ১ লাখ ২০ হাজার ইপিআই কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। পাশাপাশি লঞ্চঘাট, ফেরিঘাট, রেলস্টেশন ও বাসস্টেশনসহ গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত ৫০০টি মোবাইল কেন্দ্র স্থাপন করা হয়েছে।
জনস্বাস্থ্য পুষ্টি ইনস্টিটিউটের পরিচালক ডা. মোহাম্মদ ইউনুস আলী জানান, প্রয়োজনীয় ভিটামিন ‘এ’ ক্যাপসুল ইতোমধ্যে মাঠপর্যায়ে পৌঁছে দেওয়া হয়েছে। সফলভাবে কর্মসূচি বাস্তবায়নের জন্য সব ধরনের প্রস্তুতিও সম্পন্ন হয়েছে। তিনি অভিভাবকদের নিকটস্থ কেন্দ্রে নিয়ে গিয়ে শিশুদের ক্যাপসুল খাওয়ানোর আহ্বান জানান।
রাজধানীর শাহবাগে অবস্থিত আবু সাঈদ কনভেনশন সেন্টারে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে জাতীয়ভাবে ক্যাম্পেইনের উদ্বোধন করবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। অনুষ্ঠানে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত এবং প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক উপদেষ্টা ডা. এস এম জিয়াউদ্দিন হায়দার উপস্থিত থাকবেন।
এছাড়া জেলা ও উপজেলা পর্যায়েও স্থানীয় জনপ্রতিনিধিদের অংশগ্রহণে কর্মসূচির উদ্বোধন করা হবে। মাঠপর্যায়ে স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবকদের মাধ্যমে ক্যাম্পেইন পরিচালিত হবে। শিশুদের স্বাভাবিক বৃদ্ধি, রোগপ্রতিরোধ ক্ষমতা ও দৃষ্টিশক্তি সুরক্ষায় এ কর্মসূচিকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
তথ্য সূত্র- বাসস
এম জি