হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: জুন ২৪, ২০২৬, ০৪:০৭ পিএম

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৮৯টি শিশু।

বুধবার বিকেলে প্রকাশিত স্বাস্থ্য অধিদপ্তরের হালনাগাদ হাম-বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, সর্বশেষ ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যুর ঘটনা ঘটেনি। তবে হামের উপসর্গ নিয়ে তিন শিশুর মৃত্যু হয়েছে।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে মৃত শিশুর সংখ্যা দাঁড়িয়েছে ৫৯৬ জনে। একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে ৯৩ শিশু। ফলে হাম ও এর উপসর্গজনিত কারণে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে ৬৮৯ জনে পৌঁছেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত এক দিনে ৯৩ শিশু হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। পাশাপাশি হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে আরও ৯৯৬ জন। এ সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ৯২১ শিশু এবং সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ৯১১ জন।

গত ১৫ মার্চ থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৯৫ হাজার ৭৬০। এর মধ্যে ১১ হাজার ৩৯০ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৭৯ হাজার ৬৩৭ জন রোগী। তাদের মধ্যে ৭৫ হাজার ৮৮২ জন চিকিৎসা শেষে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছে।

এম জি