পিজিএসএ

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ 

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: জুন ১১, ২০২৬, ০৫:৩৮ পিএম

যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সংঘর্ষের প্রেক্ষাপটে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বন্ধ থাকবে বলে ঘোষণা দিয়েছে ইরানের নবগঠিত প্রণালি কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (১১ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে এ তথ্য জানায় পারস্য উপসাগর প্রণালি কর্তৃপক্ষ (পিজিএসএ)। হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের নতুন প্রটোকল তদারকির জন্য গত মাসে এ সংস্থাটি গঠন করা হয়।

পোস্টে বলা হয়, মার্কিন আগ্রাসী বাহিনীর সৃষ্ট উত্তেজনা এবং গত রাতে ইরানের সশস্ত্র বাহিনীর ঘোষণার কারণে হরমুজ প্রণালি পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে।

এতে আরও বলা হয়, যেসব জাহাজ ইতোমধ্যে প্রণালি দিয়ে যাতায়াতের অনুমতি পেয়েছে, তাদের ধৈর্য ধারণ করতে এবং পিজিএসএ’র পরবর্তী নির্দেশনার জন্য অপেক্ষা করার অনুরোধ জানানো হচ্ছে।

বুধবার (১০ জুন) রাতে ইরানের বিভিন্ন স্থানে যুক্তরাষ্ট্র নতুন করে হামলা চালানোর পর ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) ঘোষণা দেয়, হরমুজ প্রণালি এখন “সব ধরনের জাহাজের জন্য বন্ধ” থাকবে।

তবে ইরানের এই দাবিকে প্রত্যাখ্যান করেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। তাদের দাবি, বাণিজ্যিক জাহাজগুলো এখনও প্রণালি দিয়ে চলাচল করছে। যদিও আইআরজিসি এই বক্তব্য অস্বীকার করেছে।

এর আগে তেহরান জানিয়েছিল, হরমুজ প্রণালি খোলা রয়েছে, তবে শুধুমাত্র সেইসব জাহাজ চলাচল করতে পারবে যারা ইরানি কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে যাত্রা করবে।

এদিকে যুক্তরাষ্ট্র জাহাজ পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলোকে পিজিএসএ’র সঙ্গে সমন্বয় না করার সতর্কবার্তা দিয়েছে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথটি কয়েক মাস ধরেই যুদ্ধ পরিস্থিতির কারণে কার্যত অস্থির অবস্থায় রয়েছে। আর্থিক প্রতিষ্ঠান জেপি মর্গানের তথ্য অনুযায়ী, বর্তমানে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল যুদ্ধ-পূর্ব সময়ের তুলনায় প্রায় ১৫ শতাংশে নেমে এসেছে।

এম জি