ইসরায়েলে নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: জুন ১৪, ২০২৬, ১২:৪৪ পিএম

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে তেল আবিবে বিক্ষোভ ফের শুরু হয়েছে। ২০২৩ সালের ৭ অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের হামলার আগে ও পরে ‘নিরাপত্তা ব্যর্থতার’ তদন্তে স্বাধীন রাষ্ট্রীয় তদন্ত কমিশন গঠন না করায় রাস্তায় নামে শত শত মানুষ।

দ্য টাইমস অব ইসরায়েলের প্রতিবেদন অনুযায়ী, শনিবার (১৩ জুন) তেল আবিবের হাবিমা স্কয়ারে প্রায় ৫০০ জনের সমাবেশে বক্তারা বলেন, নেতানিয়াহু আইন অনুযায়ী স্বাধীন তদন্ত কমিশন গঠন এড়িয়ে যাচ্ছেন।

হামলায় অপহৃত হয়ে গাজায় নিহত ৮০ বছর বয়সী ইয়োরাম মেটজগারের পুত্রবধূ আয়ালা মেটজগার বলেন, আইন অনুযায়ী স্বাধীন রাষ্ট্রীয় তদন্ত কমিশন ইসরায়েলের সর্বোচ্চ অনুসন্ধানী কর্তৃপক্ষ হলেও নেতানিয়াহুর প্রস্তাবিত কমিটি রাজনৈতিকভাবে প্রভাবিত।

তিনি অভিযোগ করেন, প্রস্তাবিত কমিটিতে জোট ও বিরোধী দলের প্রতিনিধিরা থাকলেও বিরোধীরা অংশ না নিলে পুরো নিয়ন্ত্রণ জোট সরকারের হাতে চলে যাবে।

এদিকে নোভা সঙ্গীত উৎসবে নিহত ২৬ বছর বয়সী ওরিয়া লিটম্যানের বাবা এরান লিটম্যান বলেন, এই যুদ্ধের পেছনে ধর্মীয় ও রাজনৈতিক কারণ রয়েছে এবং বর্তমান পরিস্থিতি আরও প্রশ্ন তৈরি করছে।

সমাবেশ চলাকালে সরকারপন্থি কর্মী হাদার মুখতার বিক্ষোভস্থলে ভিডিও ধারণ করতে গেলে উত্তেজনা তৈরি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে এবং দুজনকে জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেয়।

এম জি