চুক্তি চূড়ান্ত করতে তেহরানে কাতারের প্রতিনিধিদল

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: জুন ১৪, ২০২৬, ০৩:৫৯ পিএম

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত নিরসনে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য শান্তিচুক্তি চূড়ান্ত করতে একটি কাতারি প্রতিনিধিদল তেহরানে পৌঁছেছে।

যুক্তরাষ্ট্রের সমন্বয়ে রোববার (১৪ জুন) সকালে এই প্রতিনিধি দল ইরানে পৌঁছায় বলে সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানিয়েছে সিএনএন।

ইরানের আধা-সরকারি তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, কাতারি প্রতিনিধিদলটি দেশটির জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে আলোচনা করছে।

চুক্তি সইয়ের সময় নিয়ে ওয়াশিংটন ও তেহরানের ভিন্ন বক্তব্যের মধ্যেই এই সফরকে ঘিরে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, রোববারই ইরানের সঙ্গে চুক্তি স্বাক্ষর হতে পারে এবং এরপর হরমুজ প্রণালি আন্তর্জাতিক নৌ চলাচলের জন্য খুলে দেওয়া হবে।

তিনি আরও দাবি করেন, চুক্তির পর যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক উপাদান নিয়ন্ত্রণে নিয়ে তা নিষ্ক্রিয় ও ধ্বংস করবে।

অন্যদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ জানিয়েছেন, দুই পক্ষ ইতিমধ্যেই একটি কাঠামোগত সমঝোতায় পৌঁছেছে এবং রোববার ইলেকট্রনিকভাবে চুক্তি স্বাক্ষরের প্রস্তুতি চলছে, যার পর আগামী সপ্তাহে কারিগরি আলোচনা হবে।

তবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, চুক্তির সম্ভাবনা থাকলেও রোববারই স্বাক্ষর হবে-এমন নিশ্চয়তা নেই। একই অবস্থান জানিয়েছে আইআরজিসি, যারা তাৎক্ষণিক চুক্তির সম্ভাবনা নাকচ করেছে।

এদিকে মার্কিন গণমাধ্যম এক্সিওস জানিয়েছে, কাতার, পাকিস্তান, মিশর ও তুরস্কের মধ্যস্থতায় ভার্চুয়াল আলোচনার মাধ্যমে সমঝোতা এগিয়ে নেওয়া হচ্ছে।

এম জি