যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিবারের সাথে সংশ্লিষ্ট একটি বিলাসবহুল আবাসন প্রকল্পকে কেন্দ্র করে আলবেনিয়ার রাজধানী তিরানায় ব্যাপক জনবিক্ষোভ শুরু হয়েছে। দেশের একটি সংরক্ষিত এলাকায় এই প্রকল্প নির্মাণের সিদ্ধান্তের বিরুদ্ধে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ জানিয়েছেন, যা এখন দুর্নীতির বিরুদ্ধে জনঅসন্তোষের বড় প্রতীকে পরিণত হয়েছে।
গত শনিবার তিরানায় সাম্প্রতিক সময়ের অন্যতম বৃহৎ এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। গত মে মাসের শেষ দিক থেকে শুরু হওয়া এই আন্দোলন এখন তিন সপ্তাহে পদার্পণ করেছে। বিক্ষোভকারীরা প্রতি রাতে একত্রিত হয়ে ডোনাল্ড ট্রাম্পের কন্যা ইভাঙ্কা ট্রাম্প এবং তাঁর স্বামী জ্যারেড কুশনারের মালিকানাধীন প্রতিষ্ঠানের একটি বিলাসবহুল হোটেল ও অবকাশযাপন কেন্দ্র নির্মাণ পরিকল্পনার তীব্র বিরোধিতা করছেন।
বিক্ষোভকারীদের অভিযোগ, আলবেনিয়ার প্রধানমন্ত্রী এদি রামার সরকার দেশের উপকূলীয় অঞ্চলের এই স্পর্শকাতর ও সংরক্ষিত এলাকায় পরিকল্পিত প্রকল্পগুলোর বিষয়ে কোনো স্বচ্ছতা নিশ্চিত করেনি। ট্রাম্প পরিবারকে খুশি করতে গিয়ে নেওয়া এই বিতর্কিত সিদ্ধান্তের কারণে ক্ষুব্ধ জনতা এখন প্রধানমন্ত্রী এদি রামার পদত্যাগও দাবি করছেন।
সূত্র: দ্য গার্ডিয়ান।
জেএইচআর