ধ্বংসযজ্ঞের মধ্যেই নিজ ভিটায় ফিরতে শুরু করেছেন লেবাননের বাসিন্দারা

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: জুন ২৭, ২০২৬, ০৪:২৭ পিএম

ইসরায়েলি হামলায় ঘরবাড়ি হারিয়ে চরম সংকটের মুখে পড়েছেন লেবাননের সীমান্ত এলাকার বাসিন্দারা। দীর্ঘ কয়েক মাস বাস্তুচ্যুত থাকার পর, মাথা গোঁজার শেষ আশ্রয়টুকু হারিয়ে অনেকেই এখন বাধ্য হয়ে ধ্বংসস্তূপের মধ্যেই নিজেদের গ্রামে ও ভিটায় ফিরতে শুরু করেছেন।

অব্যাহত ইসরায়েলি হামলা এবং লেবাননের মাটিতে বিদেশি সেনাদের উপস্থিতির কারণে সাধারণ মানুষের মনে তীব্র উদ্বেগ কাজ করছে। এমন এক পরিস্থিতির মধ্যেই নিজের বিধ্বস্ত বাড়ির সামনে এসে দাঁড়িয়েছেন হুসেইন দামাশ নামে এক লেবানিজ নাগরিক।

হুসেইন দামাশ নিজের শঙ্কার কথা জানিয়ে বলেন, “ইসরায়েল যেকোনো মুহূর্তে আবার হামলা চালাতে পারে। তাদের ওপর কোনোভাবেই ভরসা করা যায় না। তারা কোনো আন্তর্জাতিক আইন মানে না এবং এই সত্যটা এখন সারা বিশ্বই জানে।”

পরিসংখ্যান অনুযায়ী, দক্ষিণ লেবাননের বেশ কিছু এলাকা কয়েক দশক ধরেই ইসরায়েলের নিয়ন্ত্রণে রয়েছে। এর বাইরে ২০২৩ থেকে ২০২৪ সালের যুদ্ধের সময় আরও কিছু নতুন এলাকা তারা নিজেদের দখলে নেয়। সর্বশেষ সামরিক অভিযানে ইসরায়েলি বাহিনী লেবানন সীমান্তের ভেতরে ১০ কিলোমিটারেরও বেশি গভীরে অগ্রসর হয়েছে।

লেবানন সরকারের দেওয়া তথ্যমতে, গত ২ মার্চ থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় দেশটিতে এ পর্যন্ত ৪ হাজার ২০০ জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন ১২ হাজারেরও বেশি নাগরিক।

সূত্র: আল জাজিরা ও আনাদোলু

জেএইচআর