আইআরজিসি

মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোকে নরকে পরিণত করা হবে

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: জুন ২৮, ২০২৬, ১১:২৫ এএম

যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। সংস্থাটি বলেছে, এ অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনাগুলো সামনে কঠিন পরিস্থিতির মুখোমুখি হবে এবং সেগুলোকে ‘নরকে’ পরিণত করা হবে।

আইআরজিসির এ বক্তব্য এসেছে ইরানের ওপর যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার প্রতিক্রিয়ায়। উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে আইআরজিসির নৌ কমান্ড এক বিবৃতিতে জানায়, সিরিক শহরে যুক্তরাষ্ট্রের হামলা হরমুজ প্রণালির ওপর ইরানের নিয়ন্ত্রণ বা কৌশলগত সক্ষমতার বাস্তবতা পরিবর্তন করতে পারবে না। একই সঙ্গে তারা সতর্ক করে দিয়ে বলেছে, চুক্তি লঙ্ঘনকারী কোনো জাহাজকে ছাড় দেওয়া হবে না।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে আলাদা গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। আইআরজিসির দাবি, আগামী দিনগুলোতে এসব ঘাঁটির জন্য পরিস্থিতি অত্যন্ত কঠিন হবে এবং তারা ‘নরক যন্ত্রণা’ ভোগ করবে।

এর আগে মধ্যপ্রাচ্যের আটটি মার্কিন সামরিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরান। ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর এ হামলাকে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নতুন করে শুরু করা আগ্রাসনের ‘চূড়ান্ত জবাব’ হিসেবে বর্ণনা করেছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক এই পাল্টাপাল্টি হুঁশিয়ারি ও সামরিক পদক্ষেপ মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনাকে আরও জটিল করে তুলেছে।

সূত্র: আল জাজিরা

এএন