জার্মানিতে চলমান তীব্র তাপপ্রবাহের মধ্যে নদী, হ্রদ ও অন্যান্য জলাশয়ে গোসল বা সাঁতার কাটতে গিয়ে অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছে। নিহতদের বেশিরভাগই পুরুষ, এছাড়া কয়েকজন কিশোরও রয়েছেন। প্রচণ্ড গরম থেকে স্বস্তি পেতে জলাশয়ে নামার সময় এসব দুর্ঘটনা ঘটে।
জার্মানির লাইফ সেভিং অ্যাসোসিয়েশন (ডিএলআরজি) জানিয়েছে, গত শুক্রবার থেকে রোববার পর্যন্ত তিন দিনে অন্তত ২৬ জনের মৃত্যু হয়েছে। এর আগের দিন বৃহস্পতিবারও পৃথক সাতটি প্রাণঘাতী দুর্ঘটনার খবর পাওয়া যায়। সংস্থাটি আগেই অতিরিক্ত গরমের সময় নদী ও হ্রদে সাঁতার কাটার ক্ষেত্রে সতর্ক থাকার আহ্বান জানিয়েছিল।
এদিকে এখনও কয়েকজন নিখোঁজ রয়েছেন। তাদের মধ্যে এলবে নদী, স্যাক্সনির পোহল জলাধার এবং বাডেন-ভুর্টেমবার্গের একটি খনির হ্রদে নিখোঁজ ব্যক্তিদের খোঁজ চলছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) সতর্ক করে বলেছে, তাপপ্রবাহ এখন আর সাময়িক আবহাওয়াজনিত ঘটনা নয়; এটি ক্রমেই ঘন ঘন, তীব্র ও দীর্ঘস্থায়ী সংকটে পরিণত হচ্ছে। সংস্থাটির ইউরোপীয় আঞ্চলিক পরিচালক হান্স ক্লুগে বলেন, ইউরোপের অর্ধেকের বেশি দেশের এখনো তাপপ্রবাহ মোকাবিলার কার্যকর পরিকল্পনা নেই।
ডব্লিউএইচওর তথ্য অনুযায়ী, সাম্প্রতিক তাপপ্রবাহে ইউরোপজুড়ে কয়েক সপ্তাহে ১ হাজার ৩০০ জনের বেশি অতিরিক্ত মৃত্যুর ঘটনা নথিভুক্ত হয়েছে। ফ্রান্সও জানিয়েছে, গত সপ্তাহে দেশটিতে অতিরিক্ত প্রায় এক হাজার মানুষের মৃত্যু হয়েছে, যাদের বড় অংশই ৬৫ বছরের বেশি বয়সী।
এম জি