শুভেন্দুসহ দুই মুখ্যমন্ত্রীর জন্য ১১০০ কেজি আম পাঠাল বাংলাদেশ

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: জুলাই ১, ২০২৬, ০৩:৪৯ পিএম

বাংলাদেশ সরকারের পক্ষ থেকে প্রতিবেশী ভারতের পশ্চিমবঙ্গ ও ত্রিপুরা রাজ্যের দুই মুখ্যমন্ত্রীর কাছে শুভেচ্ছা উপহার হিসেবে আম পাঠানো হয়েছে। মোট ১১০০ কেজি আম দুই মুখ্যমন্ত্রীর জন্য বরাদ্দ করা হয় বলে জানা গেছে।

ভারতের এই দুই রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও ডা. মানিক সাহার জন্য পাঠানো আমগুলো বেনাপোল ও আখাউড়া স্থলবন্দর দিয়ে পাঠানো হয়। পরে সেগুলো কলকাতায় বাংলাদেশের উপ-হাইকমিশন এবং আগরতলায় সহকারী হাইকমিশনের প্রতিনিধিদের কাছে হস্তান্তর করা হয়।

মঙ্গলবার বিকেলে সীমান্ত পথ দিয়ে পাঠানো এসব আমের মধ্যে রয়েছে আম্রপালি ও হাঁড়িভাঙ্গা জাতের আম। কূটনৈতিক সৌজন্যের অংশ হিসেবে এসব ফল দুই দেশের প্রতিনিধিদের মাধ্যমে গন্তব্যে পৌঁছে দেওয়া হয়।

জানা গেছে, কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশনের জন্য নির্ধারিত অংশে ১০০টি কার্টনে মোট ৫ কেজি করে ৫০০ কেজি আম পাঠানো হয়। একইভাবে আগরতলার বাংলাদেশ সহকারী হাইকমিশনের জন্য ১২০টি কার্টনে ৫ কেজি করে মোট ৬০০ কেজি আম বরাদ্দ দেওয়া হয়।

এর বাইরে দুই মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত উপহারের জন্য ১০০ কেজি করে আম রাখা হয়। বাকি ৯০০ কেজি আম দুই রাজ্যের বিভিন্ন বিশিষ্ট ব্যক্তি ও উচ্চপদস্থ কর্মকর্তাদের মাঝে শুভেচ্ছা উপহার হিসেবে বিতরণ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এএন