বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ইরানের ইসলামিক কনসালটেটিভ অ্যাসেম্বলির স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফের সঙ্গে এক গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হয়েছেন। শুক্রবার ইরানের রাজধানী তেহরানে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিতে যাওয়া বাংলাদেশ প্রতিনিধিদলকে তেহরানে উষ্ণ অভ্যর্থনা জানান স্পিকার গালিবাফ।
বৈঠকে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং তাঁর নৃশংস হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানান। এই জাতীয় শোকের সময়ে ইরান সরকার ও ভ্রাতৃপ্রতিম জনগণের প্রতি বাংলাদেশ সরকার এবং জনগণের পক্ষ থেকে গভীর সমবেদনা ও সংহতি প্রকাশ করেন তিনি। এ সময় ইরান ও বাংলাদেশের মধ্যকার শতাব্দী প্রাচীন বন্ধুত্ব, গভীর সাংস্কৃতিক মেলবন্ধন এবং দুই দেশের জনগণের আত্মিক সম্পর্কের কথা উল্লেখ করেন স্পিকার।
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সাম্প্রতিক শান্তি সমঝোতা স্মারক সহজতর করার ক্ষেত্রে স্পিকার গালিবাফের গঠনমূলক ও দূরদর্শী ভূমিকার ভূয়সী প্রশংসা করেন বাংলাদেশের স্পিকার। তিনি আশা প্রকাশ করে বলেন, এই চুক্তি ইরানের জনগণসহ সমগ্র অঞ্চলে স্থায়ী শান্তি, স্থিতিশীলতা এবং অর্থনৈতিক সমৃদ্ধি বয়ে আনবে। একই সাথে চলমান এই শান্তি প্রক্রিয়ায় বাংলাদেশের অকুণ্ঠ সমর্থন পুনর্ব্যক্ত করেন এবং সংলাপ ও কূটনীতির মাধ্যমে সব অমীমাংসিত ইস্যুর টেকসই সমাধান আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
বৈঠকের শেষ পর্যায়ে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ইরানের স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফকে তাঁর সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আন্তরিক আমন্ত্রণ জানান।
উল্লেখ্য, আয়াতুল্লাহ খামেনির রাষ্ট্রীয় শেষকৃত্যে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিতে গতকাল বৃহস্পতিবার তেহরানে পৌঁছান স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। বিমানবন্দরে তাঁকে অভ্যর্থনা জানান ইরানের ইসলামিক কনসালটেটিভ অ্যাসেম্বলির ডেপুটি স্পিকার হামিদ রেজা হাজী বাবাই।
জেএইচআর