লেবাননে গত ২ মার্চ থেকে শুরু হওয়া ইসরায়েলি সামরিক অভিযানে নিহতের সংখ্যা বেড়ে ৪ হাজার ৩০১ জনে পৌঁছেছে। এছাড়া এই দীর্ঘস্থায়ী হামলায় আহত হয়েছেন আরও ১২ হাজার ১৯৯ জন।
শুক্রবার লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
বর্তমানে লেবাননের দক্ষিণাঞ্চলীয় নাবাতিয়েহ জেলায় ইসরায়েলি বাহিনীর সামরিক তৎপরতা চরম আকার ধারণ করেছে। স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, সেখানে ক্রমাগত গোলাগুলি ও ড্রোনের মাধ্যমে উপর্যুপরি হামলার ঘটনা ঘটছে।
এদিকে গতকাল শুক্রবার ইসরায়েল দাবি করেছে, নিরাপত্তা অঞ্চলে তাদের বাহিনীর ওপর হামলার জবাবে বিনতে জবেইল জেলায় হিজবুল্লাহর প্রায় ১০টি সামরিক অবকাঠামো লক্ষ্য করে তারা বিমান হামলা চালিয়েছে।
উল্লেখ্য, গত ২৬ জুন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ওয়াশিংটনে লেবানন ও ইসরায়েলের মধ্যে একটি বিশেষ যুদ্ধবিরতি বা কাঠামোগত চুক্তি সই হয়। তবে এই চুক্তি সই হওয়ার পরও মাঠপর্যায়ে দুই পক্ষের মধ্যে সহিংসতা ও উত্তেজনা পুরোপুরি কমেনি।
জেএইচআর