ভারতে ‘আয়রন ডোম’ ক্ষেপণাস্ত্র তৈরির পরিকল্পনা ইসরায়েলের 

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: জুলাই ১২, ২০২৬, ০৭:৫৮ এএম

বিশ্বজুড়ে নিরাপত্তা সংকট ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার চাহিদা বাড়তে থাকায় এবার ভারতে ‘আয়রন ডোম’ এয়ার ডিফেন্স সিস্টেমের ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র উৎপাদনের পরিকল্পনা হাতে নিয়েছে ইসরাইল। দেশটির রাষ্ট্রীয় প্রতিরক্ষা প্রতিষ্ঠান রাফায়েল অ্যাডভান্সড ডিফেন্স সিস্টেমস এ বিষয়ে ভারতের একাধিক প্রতিরক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা শুরু করেছে।

জানা গেছে, ‘তামির’ ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র যৌথভাবে উৎপাদনের লক্ষ্যে একটি দীর্ঘমেয়াদি অংশীদারিত্ব গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। পরিকল্পনা বাস্তবায়িত হলে উৎপাদন ব্যয় কমার পাশাপাশি বৈশ্বিক বাজারে সরবরাহ সক্ষমতাও বাড়বে। একই সঙ্গে জরুরি পরিস্থিতিতে বিকল্প উৎপাদন কেন্দ্র হিসেবেও ভারতকে ব্যবহার করা যাবে।

বিশ্লেষকদের মতে, এই উদ্যোগ ভারতের ‘মেক ইন ইন্ডিয়া’ কর্মসূচিকে আরও শক্তিশালী করবে। পাশাপাশি আন্তর্জাতিক প্রতিরক্ষা শিল্পে ভারতের অবস্থান আরও সুদৃঢ় হবে এবং দেশটি বৈশ্বিক প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনের গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে আত্মপ্রকাশ করতে পারে।

চলতি বছরের ফেব্রুয়ারিতে জেরুজালেমে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বৈঠকে দুই দেশের মধ্যে বিশেষ কৌশলগত অংশীদারিত্বের যে ঘোষণা দেওয়া হয়েছিল, এই প্রকল্পকে তারই বাস্তব প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে।

নতুন এই সহযোগিতার আওতায় শুধু ক্ষেপণাস্ত্র উৎপাদনই নয়, ভবিষ্যতের সামরিক প্রযুক্তি যৌথভাবে উন্নয়ন এবং সংকটকালে দ্রুত প্রতিরক্ষা সরঞ্জাম সরবরাহের ব্যবস্থাও গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে দুই দেশের প্রতিরক্ষা সম্পর্ক আরও প্রাতিষ্ঠানিক ও দীর্ঘমেয়াদি রূপ পাবে।

বিশেষজ্ঞদের ধারণা, ইসরাইল থেকে সরাসরি অস্ত্র কেনার ক্ষেত্রে যেসব দেশের রাজনৈতিক আপত্তি রয়েছে, ভারতে উৎপাদিত সরঞ্জাম তাদের কাছে রপ্তানির সুযোগ তৈরি করতে পারে। ফলে আন্তর্জাতিক বাজারেও রাফায়েলের অবস্থান আরও শক্তিশালী হবে।

বর্তমানে ইসরাইলের উত্তরাঞ্চলের একটি কারখানায় ‘আয়রন ডোম’-এর ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র তৈরি হয়। এছাড়া মার্কিন প্রতিষ্ঠান রেথিয়নের সঙ্গে যৌথভাবে যুক্তরাষ্ট্রেও উৎপাদন কার্যক্রম পরিচালনা করছে রাফায়েল। ভারতে নতুন উৎপাদন কেন্দ্র চালু হলে প্রতিষ্ঠানটির বৈশ্বিক উৎপাদন সক্ষমতা আরও বাড়বে।

এর আগে ইসরাইলের আরেক প্রতিরক্ষা প্রতিষ্ঠান এলবিট সিস্টেমস ভারতে ‘হার্মিস ৯০০’ ও ‘হার্মিস ৪৫০’ ড্রোন উৎপাদন শুরু করেছে। নতুন উদ্যোগ বাস্তবায়িত হলে ভারত-ইসরাইল প্রতিরক্ষা সহযোগিতা আরও বিস্তৃত হবে।

সূত্র: এনডিটিভি

এএন