বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও সহজ ও কার্যকর করতে নতুন একটি সমঝোতা স্মারক (এমওইউ) সইয়ের প্রস্তুতি চলছে। দুই দেশের মধ্যে বাণিজ্যিক কার্যক্রম সম্প্রসারণ এবং পারস্পরিক সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
রোববার প্রকাশিত এক প্রতিবেদনে পাকিস্তানি সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি পাকিস্তানের ট্রেডিং কর্পোরেশনের চেয়ারম্যান অসিম আজিম সিদ্দিকির নেতৃত্বে একটি প্রতিনিধিদল বাংলাদেশ সফর করে। সফরকালে তারা শিল্প মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। ওই বৈঠকেই দুই দেশের মধ্যে বাণিজ্য সহজীকরণের লক্ষ্যে একটি সমঝোতা স্মারক সইয়ের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়। বৈঠকে বাংলাদেশের বাণিজ্য ও শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরও উপস্থিত ছিলেন।
এক সাক্ষাৎকারে অসিম আজিম সিদ্দিকি বলেন, বাংলাদেশে চাল, মসুর ডাল, ছোলা, সার এবং ভোজ্যতেল রপ্তানি করতে আগ্রহী পাকিস্তান। একই সঙ্গে বাংলাদেশ থেকে পাট ও পাটজাত পণ্য আমদানি করতে চায় দেশটি। তার ভাষ্য, পাকিস্তানের বাজারে এসব পণ্যের উল্লেখযোগ্য চাহিদা রয়েছে।
তিনি আরও জানান, আন্তর্জাতিক বাজার থেকে বাংলাদেশ যাতে আরও প্রতিযোগিতামূলক দামে প্রয়োজনীয় পণ্য সংগ্রহ করতে পারে, সে ক্ষেত্রেও সহযোগিতার প্রস্তাব দিয়েছে পাকিস্তান।
বৈঠকে বাংলাদেশ-পাকিস্তান জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের কার্যক্রম আরও গতিশীল করার বিষয়েও উভয় পক্ষ একমত হয়েছে। এর আওতায় ভবিষ্যতে দুই দেশ একে অপরের কাছে আরও বাণিজ্য প্রতিনিধিদল পাঠাবে এবং কৃষি ও শিল্প খাতে যৌথ উদ্যোগে কাজ করার পরিকল্পনা রয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, প্রস্তাবিত সমঝোতা স্মারক বাস্তবায়িত হলে দুই দেশের মধ্যে বিদ্যমান বাণিজ্যিক প্রতিবন্ধকতা কমবে। পাশাপাশি বাংলাদেশ ও পাকিস্তান সরকারের মধ্যে সরাসরি যোগাযোগ ও সমন্বয় আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে।
এএন