ওমানের পূর্বাঞ্চলীয় জলসীমায় হামলার শিকার হওয়া একটি বাণিজ্যিক জাহাজে ১১ জন ভারতীয় নাগরিক ছিলেন বলে জানিয়েছে ভারত। তাদের মধ্যে ১০ জনকে উদ্ধার করা হলেও এখনো একজন নিখোঁজ রয়েছেন।
রোববার (১২ জুলাই) বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ওমান উপকূলের কাছে বাণিজ্যিক জাহাজ ‘জিএফএস গ্যালাক্সি’ হামলার শিকার হওয়ার পরপরই উদ্ধার অভিযান শুরু হয়। এতে থাকা ১১ ভারতীয় নাবিকের মধ্যে ১০ জনকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে। একজনের সন্ধানে উদ্ধার কার্যক্রম চলছে।
এদিকে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, হামলার ফলে জাহাজটিতে আগুন ধরে যায় এবং ইঞ্জিন কক্ষ ক্ষতিগ্রস্ত হওয়ায় সেটি অচল হয়ে পড়ে। এ হামলার জন্য তারা তেহরানকে দায়ী করেছে।
ব্রিটিশ নৌযান চলাচল পর্যবেক্ষণ সংস্থা ইউকেএমটিও জানিয়েছে, হামলার পর জাহাজের নাবিকরা সেটি ত্যাগ করে লাইফবোটে আশ্রয় নেন। সংস্থাটির তথ্য অনুযায়ী, ওমান উপকূল থেকে প্রায় ১৭ কিলোমিটার (১০ মাইল) পূর্বে এ হামলার ঘটনা ঘটে।
ঘটনাটি এমন সময়ে ঘটেছে, যখন ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন করে হামলা-পাল্টা হামলার পরিস্থিতি তৈরি হয়েছে। রোববার (১২ জুলাই) তেহরান হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা দেয়। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার জবাবে উপসাগরীয় প্রতিবেশী কয়েকটি দেশের দিকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছোড়ার কথাও জানানো হয়েছে।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এ অঞ্চলে বাণিজ্যিক জাহাজ ও বেসামরিক অবকাঠামোকে লক্ষ্য করে হামলার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। আন্তর্জাতিক আইন অনুযায়ী আন্তর্জাতিক নৌপথে অবাধ ও বাধাহীন নৌচলাচল দ্রুত পুনর্বহালের আহ্বান জানিয়েছে দেশটি।
এম জি