যুক্তরাষ্ট্রের অপকর্ম বন্ধ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালিতে অবরোধ অব্যাহত থাকবে বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। বুধবার প্রকাশিত এক বিবৃতিতে সংস্থাটি যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সামরিক অভিযানের তীব্র সমালোচনাও করেছে।
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ‘অপকর্ম’ বন্ধ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি খুলে দেওয়া হবে না। বুধবার আল জাজিরার প্রকাশিত এক প্রতিবেদনে আইআরজিসির এই অবস্থানের কথা তুলে ধরা হয়েছে।
আইআরজিসির বিবৃতিতে বলা হয়, নিজেদের পরাজয় ও সামরিক অক্ষমতা আড়াল করতেই যুক্তরাষ্ট্র ‘আইন অমান্যকারী জাহাজে হামলার অজুহাত’ দেখিয়ে ইরানের ঘাঁটিতে আঘাত হেনেছে। সংস্থাটির দাবি, যেসব জাহাজ গুরুত্বপূর্ণ এই জলপথ ব্যবহার করার চেষ্টা করছিল, তাদের বিষয়টিকেই যুক্তরাষ্ট্র হামলার কারণ হিসেবে উপস্থাপন করেছে।
বিবৃতিতে আরও বলা হয়, ইরানের ঘোষিত অবরোধ অমান্য করার কিংবা যুক্তরাষ্ট্রের অবস্থানকে সমর্থন করার মতো সাহস কোনো জাহাজ দেখায়নি। ফলে ওই জলপথে হামলার কোনো ঘটনাও ঘটেনি বলে দাবি করেছে আইআরজিসি।
অন্যদিকে, যুক্তরাষ্ট্র জানিয়েছে, তারা ইরানের বিরুদ্ধে অন্তত সাত ঘণ্টাব্যাপী সামরিক অভিযান পরিচালনা করেছে। মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানায়, অভিযানে ইরানের উপকূলীয় অঞ্চলের একাধিক সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।
সেন্টকমের তথ্য অনুযায়ী, অভিযানের লক্ষ্যবস্তু ছিল ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোনঘাঁটি, নৌ সক্ষমতা এবং উপকূলীয় প্রতিরক্ষা অবকাঠামো। এসব স্থাপনায় হামলার মাধ্যমে ইরানের সামরিক সক্ষমতা দুর্বল করার চেষ্টা করা হয়েছে বলে জানানো হয়।
এদিকে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতেও হামলার খবর পাওয়া গেছে। সংশ্লিষ্ট কয়েকটি দেশ দাবি করেছে, তারা এসব হামলার চেষ্টা সফলভাবে প্রতিহত করেছে।
এএন