ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: জুলাই ২৫, ২০২৬, ০৯:৪২ পিএম

ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করার পর শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ জোশীকে। পরীক্ষার প্রশ্নফাঁস এবং শিক্ষা ব্যবস্থায় অনিয়মের অভিযোগে শিক্ষার্থীদের দীর্ঘদিনের আন্দোলনের মধ্যেই শনিবার (২৫ জুলাই) তিনি পদত্যাগ করেন।

এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়েছে, রাষ্ট্রপতি কার্যালয় শনিবার সন্ধ্যায় এক বিবৃতিতে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগপত্র গ্রহণের বিষয়টি নিশ্চিত করে। একই সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পরামর্শে প্রহ্লাদ জোশীকে শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত দায়িত্ব অর্পণ করা হয়েছে।

বর্তমানে প্রহ্লাদ জোশী ভারতের খাদ্য ও ভোক্তা বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন। নতুন দায়িত্ব পাওয়ায় তিনি এখন একযোগে দুটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব সামলাবেন।

ধর্মেন্দ্র প্রধান দিল্লির যন্তর-মন্তরে চলমান প্রশ্নফাঁসবিরোধী আন্দোলনের ৩৫তম দিনে পদত্যাগের ঘোষণা দেন। আন্দোলনকারীরা দীর্ঘদিন ধরে পরীক্ষা ব্যবস্থায় অনিয়ম ও প্রশ্নফাঁসের প্রতিবাদ জানিয়ে আসছিলেন।

পদত্যাগপত্রে ধর্মেন্দ্র প্রধান উল্লেখ করেন, চলমান পরিস্থিতিকে কাজে লাগিয়ে কোনো দেশবিরোধী শক্তি যেন সুবিধা নিতে না পারে, সেই বিবেচনা থেকেই তিনি দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন।

তিনি আরও লেখেন, চার দশকেরও বেশি সময় ধরে আমি শিক্ষার্থী, শিক্ষক এবং শিক্ষা সংস্কারের জন্য কাজ করেছি। আমি বিশ্বাস করি, একটি শক্তিশালী, অন্তর্ভুক্তিমূলক ও দূরদর্শী শিক্ষা ব্যবস্থা একটি শক্তিশালী জাতি গঠনের অন্যতম ভিত্তি।

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ছিল ককরোচ জনতা পার্টির (সিজেপি) অন্যতম প্রধান দাবি। সংগঠনটির নেতৃত্বে থাকা অভিজিৎ দিপ প্রশ্নফাঁস ও পরীক্ষায় অনিয়মের অভিযোগ তুলে আন্দোলনের সূচনা করেছিলেন।

এম জি