ভারজুড়ে নিট প্রশ্নফাঁস ইস্যুতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) ৪৯ দিনের আন্দোলনে সামনের সারিতে অনেক নেতার উপস্থিতি থাকলেও, কেন্দ্রে কাজ করা এক স্বেচ্ছাসেবকের নাম বিশেষভাবে আলোচনায় এসেছে। তিনি মোহাম্মদ জুনায়েদ, যিনি আন্দোলনকারীদের কাছে ‘জুনায়েদ ভাই’ নামে পরিচিত।
জানা গেছে, গাজিয়াবাদের নাহাল গ্রামের বাসিন্দা জুনায়েদ আন্দোলনে কোনো আনুষ্ঠানিক নেতৃত্বের দায়িত্বে ছিলেন না। আন্দোলন চলাকালে দিল্লির যন্তর মন্তরে অবস্থানরত বিক্ষোভকারীদের জন্য খাবার, পানীয় পানি এবং প্রয়োজনীয় বিভিন্ন সামগ্রী সরবরাহের দায়িত্ব পালন করেন তিনি।
তবে আন্দোলনের মাঝেই জুনায়েদ অভিযোগ করেন, আন্দোলনের সঙ্গে যুক্ত থাকার কারণে উত্তরপ্রদেশে তার পরিবারের বাড়িতে পুলিশ তল্লাশি চালায়। পরিবারের দাবি, তার বাবা মুস্তাফাকে নিয়ে যাওয়া হয় এবং ব্যাংকের পাসবই, প্যান কার্ডসহ একাধিক গুরুত্বপূর্ণ নথি জব্দ করা হয়।
জুনায়েদের বোন অভিযোগ করেন, তাদের বাবাকে দিয়ে জুনায়েদকে দিল্লি থেকে ফিরে আসার জন্য চাপ প্রয়োগের চেষ্টা করা হয়েছিল। পরিবারের আরও দাবি, মিরাটে বসবাসরত তাদের আত্মীয়দেরও হয়রানির শিকার হতে হয়েছে।
তবে এসব অভিযোগ অস্বীকার করেছে মিরাট পুলিশ। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, জেলার কোনো থানায় এ ধরনের ঘটনার কোনো রেকর্ড নেই এবং এ বিষয়ে কারও বিরুদ্ধে কোনো ধরনের পদক্ষেপ নেওয়া হয়নি।
সূত্র: নিউজ ১৮ বাংলা
এএন