ইরানের বিরুদ্ধে হামলা স্থগিতের নির্দেশ ট্রাম্পের, চলছে বন্ধুত্বপূর্ণ আলোচনা

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: জুলাই ২৮, ২০২৬, ০৯:৩৯ এএম

ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযান স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দ্বিপাক্ষিক সংঘাত নিরসনে একটি চুক্তির সম্ভাবনা রয়েছে উল্লেখ করে তিনি জানান, বর্তমানে দুই দেশের মধ্যে খুবই বন্ধুত্বপূর্ণ আলোচনা চলছে। তবে এই আলোচনা ব্যর্থ হলে মার্কিন হামলা পুনরায় শুরু হবে বলেও সতর্ক করেছেন তিনি।

আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, গতকাল সোমবার (২৭ জুলাই) সাংবাদিকদের সাথে মতবিনিময়ের সময় ট্রাম্প বলেন, আমাদের মধ্যে ভালো আলোচনা হচ্ছে। আমার মনে হয়, কিছু একটা ঘটার ভালো সম্ভাবনা আছে। আর তা না হলে, আমরা দুদিন আগে যা করছিলাম, সেখানেই ফিরে যাব।

এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানান, মধ্যস্থতাকারীদের মাধ্যমে উভয় পক্ষের মধ্যে এখনো বার্তা আদান-প্রদান চলছে এবং ইরান কূটনীতি ত্যাগ করেনি। তবে ইরানের পক্ষ থেকে আলোচনার অনুরোধ করার খবরটিকে তিনি “ভিত্তিহীন” বলে দাবি করেন। এর আগে গত ২৬ জুন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল, যুক্তরাষ্ট্রের সাথে নতুন করে শান্তি সংলাপ শুরু করার কোনো পরিকল্পনা তাদের নেই।

উল্লেখ্য, জুলাই মাসের শুরুর দিকে আন্তর্জাতিক বাণিজ্যপথ হরমুজ প্রণালিতে আমিরাতের দুটি ট্যাংকার জাহাজে ড্রোন হামলা চালায় ইরানের প্রতিরক্ষা বাহিনীর অভিজাত শাখা আইআরজিসি। এরপর থেকেই ইরানের সামরিক ও বেসামরিক স্থাপনা লক্ষ্য করে টানা বিমান অভিযান শুরু করে মার্কিন প্রতিরক্ষা বাহিনীর কেন্দ্রীয় কমান্ড (সেন্টকম)।

সেন্টকমের বিমান অভিযানের জবাবে মধ্যপ্রাচ্যে অবস্থিত বিভিন্ন মার্কিন সামরিক ঘাঁটি ও স্থাপনা লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে থাকে ইরানও। টানা ১৩ রাত ধরে এই অভিযান-পাল্টা অভিযান চলার পর গত ২৫ জুলাই অভিযানে বিরতি দেয় সেন্টকম, যা এখনো বজায় রয়েছে। মার্কিন বাহিনী হামলা বন্ধ রাখার পর থেকে পাল্টা হামলা স্থগিত রেখেছে ইরানও।

সম্প্রতি ইরানের এক কর্মকর্তা রয়টার্সকে জানান, ইরান ‘হামলার বদলে হামলা’ নীতি অনুসরণ করছে; তাই যুক্তরাষ্ট্র হামলা বন্ধ রাখলে ইরানও সামরিক অভিযান মুলতবি রাখবে। এবার্তা যুক্তরাষ্ট্রকে দেওয়ার পরই মার্কিন অভিযান স্থগিতের কারণ স্পষ্ট করলেন ডোনাল্ড ট্রাম্প।

জেএইচআর