ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি ফেসবুক ভিডিও সাময়িকভাবে ব্লক হয়ে যাওয়ার ঘটনায় দেশটির সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চেয়েছে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা। প্রযুক্তি জায়ান্টটি জানিয়েছে, একটি ‘কারিগরি ত্রুটির’ কারণে ভুলবশত ভিডিওটি সরিয়ে ফেলা হয়েছিল, যা পরবর্তীতে পুনরায় চালু করা হয়েছে।
সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। মেটার একজন মুখপাত্র বিবৃতিতে জানান, ভুলবশত কনটেন্টটি প্ল্যাটফর্ম থেকে মুছে ফেলা হয়েছিল এবং সমস্যাটি চিহ্নিত করার পর তা দ্রুত পুনরুদ্ধার করা হয়।
তবে মেটার এমন ব্যাখ্যায় পুরোপুরি সন্তুষ্ট নয় ভারত সরকার। তারা বিষয়টিকে বেশ গুরুত্বের সাথে দেখছে। সরকারি সূত্রের বরাত দিয়ে জানা গেছে, ভিডিওটি ঠিক কী কারণে সরানো হলো এবং মেটার দেওয়া কারিগরি ত্রুটির ব্যাখ্যা কতটা যুক্তিযুক্ত, তা নিবিড়ভাবে খতিয়ে দেখা হচ্ছে।
এদিকে বার্তা সংস্থা আইএএনএস জানিয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভিডিও সাময়িকভাবে ব্লক হওয়ার ঘটনায় ভারতের ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় কঠোর অবস্থান নিয়েছে। এ বিষয়ে আনুষ্ঠানিক জবাবদিহির জন্য মেটা ও ইনস্টাগ্রামের বৈশ্বিক প্রধানদের তলব করা হয়েছে বলে জানা গেছে।
ব্লক হওয়া ভিডিওটি গত ২৩ জুলাই আপলোড করা হয়েছিল, যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ছাত্রদের উদ্দেশে বক্তব্য দেন। ককরোচ জনতা পার্টি (সিজেপি) আয়োজিত একটি ছাত্র বিক্ষোভের প্রেক্ষাপটে তিনি তরুণ প্রজন্মের প্রতি বিভিন্ন দিকনির্দেশনামূলক বার্তা দেন।
বক্তব্যে মোদি প্রতিশ্রুতি দেন যে, প্রশ্নপত্র ফাঁস রোধে সরকার আরও কঠোর পদক্ষেপ নেবে। এ জন্য কঠোর আইনি বিধান আনার পাশাপাশি বিষয়টি দ্রুত কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। তিনি আরও জানান, প্রশ্নপত্র ফাঁস-সংক্রান্ত মামলার দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে বিশেষ ফাস্ট-ট্র্যাক আদালত গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। অপরাধীদের কঠোর শাস্তি ও বিশেষ আদালতের বিধান রেখে একটি খসড়া আইন সংসদে উত্থাপনের প্রক্রিয়া চলছে।
প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে দাবি করেন, সরকারের সময়োপযোগী পদক্ষেপের কারণে প্রায় ২২ লাখ শিক্ষার্থীর শিক্ষাবর্ষ নষ্ট হওয়া থেকে রক্ষা পেয়েছে। তরুণদের কল্যাণ ও ভবিষ্যতের চেয়ে গুরুত্বপূর্ণ আর কিছু হতে পারে না বলেও তিনি উল্লেখ করেন।
উল্লেখ্য, ভিডিওটি পুনরায় সচল হওয়ার আগে ভারতের ফেসবুক ব্যবহারকারীরা একটি নোটিশ দেখতে পান। সেখানে লেখা ছিল- আইনগত অনুরোধের পরিপ্রেক্ষিতে ওই অঞ্চলে ভিডিওটির প্রদর্শন সীমিত করা হয়েছে। মঙ্গলবার ভোরের দিকে ফেসবুকে অল্প সময়ের জন্য এই জটিলতা তৈরি হয়। তবে সাময়িকভাবে ব্লক হওয়ার আগেই ভিডিওটি কয়েক মিলিয়ন বার দেখা হয়েছিল।
জেএইচআর