আদালতের সিঁড়িতে পড়ে আহত শিরীন শারমিন চৌধুরী

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: এপ্রিল ৭, ২০২৬, ০৭:১১ পিএম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী আদালতের সিঁড়িতে পড়ে গিয়ে আহত হয়েছেন।

মঙ্গলবার শুনানি শেষে তাকে আদালত কক্ষ থেকে প্রিজন ভ্যানে নেওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, আদালত থেকে নিচে নামানোর সময় উৎসুক জনতা ও পুলিশের ব্যাপক ভিড় ও হুড়োহুড়ির সৃষ্টি হয়। সিঁড়িতে অতিরিক্ত বিশৃঙ্খলার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে তিনি পড়ে যান। এ সময় তার চিৎকারে আশপাশে থাকা নারী পুলিশ সদস্যরা তাকে দ্রুত টেনে তোলেন। এই ঘটনায় তার সাথে থাকা কয়েকজন পুলিশ সদস্যও সামান্য আহত হয়েছেন।

আদালত সূত্র জানায়, হত্যাচেষ্টা মামলায় এদিন ড. শিরীন শারমিনকে আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এই আদেশ পাওয়ার পরই তাকে কড়া নিরাপত্তায় বের করা হচ্ছিল। বর্তমানে তাকে কারাগারে নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে বলে কারা কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।

এর আগে, মঙ্গলবার ভোর ৪টার দিকে রাজধানীর ধানমন্ডির বাসভবন থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) তাকে গ্রেপ্তার করে। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। তার বিরুদ্ধে আন্দোলনের সময় সহিংসতা ও হত্যার উসকানি দেওয়ার অভিযোগে একাধিক মামলা দায়ের করা হয়েছে।

এই ঘটনার পর আদালত প্রাঙ্গণের নিরাপত্তা ও ভিড় নিয়ন্ত্রণ ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন আইনজীবী ও উপস্থিত সাধারণ মানুষ। বিশেষ করে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের আনা-নেওয়ার সময় অধিকতর সতর্কতার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

জেএইচআর