আদাবরে ১২ মামলার আসামি ‘ভাইস্তা বিল্লাল’ গ্রেপ্তার

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: মে ৪, ২০২৬, ০২:০৪ পিএম

রাজধানীর আদাবর থানা এলাকার তালিকাভুক্ত পলাতক সন্ত্রাসী ‘ভাইস্তা বিল্লাল’কে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার দিবাগত রাত ২টার দিকে শ্যামলী হাউজিংয়ের ৩ নম্বর রোড এলাকা থেকে তাকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত বিল্লালের বিরুদ্ধে আদাবর ও মোহাম্মদপুর থানায় মাদক, ছিনতাই এবং চাঁদাবাজিসহ মোট ১২টি মামলা রয়েছে। এর মধ্যে একটি চলমান মামলার এক নম্বর আসামি তিনি। এছাড়া তার নামে ৫টি পৃথক গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। দীর্ঘদিন ধরে তিনি আত্মগোপনে থেকে এলাকায় সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছিলেন।

প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, বিল্লালের নেতৃত্বে আদাবর এলাকায় ৮ থেকে ১০ জনের একটি সক্রিয় কিশোর গ্যাং পরিচালিত হতো। এই চক্রটি এলাকায় ছিনতাই, মাদক ব্যবসা, চাঁদাবাজি ও অবৈধভাবে জমি দখলের মতো বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে সরাসরি জড়িত। তার গ্রেপ্তারের ফলে এলাকায় সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে।

তেজগাঁও বিভাগের সহকারী উপ-কমিশনার (এডিসি) জুয়েল রানা গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আইনের আওতায় আনা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।

জেএইচআর